জয়ের চেষ্টাতেই হার!

আরেকবার শেষ বলে নিষ্পত্তি, আরেকটি হূদয়ভাঙা হার। গত ম্যাচে হারের পর ফুল টসকে কাজে লাগাতে না পারার আফসোসই ছিল বেশি। কালকের হারের পর আফসোস-আক্ষেপের চেয়েও বেশি ছিল প্রশ্ন। সাকিব আর আরাফাত সানির দুটি করে ওভার থাকার পরও কেন শেষ ওভারে বোলিং দেওয়া হলো ফরহাদ রেজাকে? শেষ বলে যখন প্রয়োজন ২ রান, বোলার কেন বেছে নিলেন শর্ট বল? আর শর্ট বলই যদি করা হয়, ফাইন লেগের ফিল্ডার কেন বৃত্তের ভেতরে?
ক্রিকেটীয় ব্যাখ্যায় মাশরাফি বিন মুর্তজা সব সময়ই দারুণ। মাশরাফি বোঝেন এবং বোঝাতে পারেন পরিষ্কার করে। কাল ম্যাচ শেষ হওয়ার পর প্রায় সবার মনেই যেসব প্রশ্ন ঘুরছিল, সংবাদ সম্মেলনে সবগুলোর যৌক্তিক ব্যাখ্যা দিলেন।
শেষ ওভারে সাকিব-আরাফাতকে বোলিং না দেওয়ার কারণ, ‘বল একেবারেই ভেজা ছিল। স্পিনারদের বল গ্রিপ করার মতো অবস্থা ছিল না। আগে থেকেই ঠিক ছিল যে আমি আর রুবেল ১৮-১৯ ওভারে রানটা চেক দেব। শেষ ওভারটা দেব ফরহাদকে। কারণ স্পিনাররা বল গ্রিপ করতেই পারছিল না। পেসারদের হাত থেকেই বল ফসকে যাচ্ছিল, ক্রস সিম বোলিং করতে হয়েছে আমাদের।’
সম্পূরক প্রশ্ন তৈরিই ছিল। শিশির যদি এত বড় একটা পার্থক্য গড়ে দেয়, তাহলে টস জিতেও কেন আগে ব্যাটিংয়ে নামা? এখানে ‘শত্রু’ প্রকৃতি। নিজ দেশের আবহাওয়াই বিভ্রান্ত করে দিয়েছে মাশরাফিদের, ‘আগের ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিলাম শিশিরকে মাথায় রেখেই। কিন্তু সেদিন শিশির পড়েনি, শ্রীলঙ্কা সুবিধা পেয়েছিল। সেদিন শিশির পড়েনি দেখে আজ আগে ব্যাটিং নিলাম, কিন্তু আজকে অনেক শিশির পড়ল! দুর্ভাগ্য ছাড়া আর কী বলব!’
প্রকৃতি প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে গেলে অনেক সময় অসহায়ই লাগে। কিন্তু নিজেদের হাতে ছিল যেটি, সেটিতেও তে গড়বড়! শেষ বলে ফরহাদের অমন শর্ট বল করা আর স্নায়ুর চাপ বলেই মনে হচ্ছিল। কিন্তু মাশরাফি জানালেন, সেটিও নাকি ছিল পরিকল্পনা, ‘আমাদের সবার ভাবনা ছিল, ১ রান দিয়ে ম্যাচ টাই করার চেয়ে জয়ের চেষ্টা করা ভালো। এ জন্যই পরিকল্পনা ছিল শেষ বলে বাউন্সার করা। কিন্তু বল ভিজে এত নরম হয়ে গিয়েছিল যে ফরহাদ শর্ট বল করলেও বল ঠিকমতো লাফায়নি। উল্টো উইকেটে পড়ার পর বল মন্থর হয়ে গেছে।’
ফরহাদের বলে যে গতি, তাতে বাউন্সার সব সময়ই ঝুঁকির। কাল শেষ বলটির আগে বাউন্সার করেনওনি ফরহাদ। সব জেনে তবু ঝুঁকিটা নেওয়া হয়েছিল স্রেফ জয়ের তেষ্টা থেকেই, ‘ফরহাদ বাউন্সার এমনিতে খারাপ করে না। আমাদের ভাবনা ছিল, বাউন্সার খেলতে গিয়ে সেনানায়েকে হয়তো মিস টাইমিং করে ক্যাচ দিয়ে দেবে। বলটা পড়ে আরও ধীর হয়ে যাওয়ায় সেনানায়েকের খেলতে সহজ হয়েছে। ইয়র্কার করতে পারত। কিন্তু তাতে এক রান হতোই, আমরা চেয়েছিলাম উইকেট নিয়ে ম্যাচ জিততে।’
মাশরাফির উত্তরটা হয়তো যৌক্তিক, তবে ভ্রু কুঁচকে দিল আরেকটি প্রশ্ন। শর্ট বল করাই যখন পরিকল্পনা, ফাইন লেগের ফিল্ডার কেন বৃত্তের ভেতরে? এখানেও শোনা গেল পরিকল্পনা বুমেরাং হওয়ার আক্ষেপ, ‘এটা ব্যাটসম্যানকে ধোঁয়াশায় রাখার জন্য। স্কয়ার লেগ-মিড উইকেট বাউন্ডারিতে ছিল, ফাইন লেগ বাউন্ডারিতে রাখলে হয়তো ব্যাটসম্যান বুঝে যেত যে বাউন্সার আসছে। পরিকল্পনা ঠিক ছিল, কিন্তু বল নরম হয়ে যাওয়াতেই কাজ হলো না। ব্যাটসম্যান কিন্তু একটু অপ্রস্তুত হয়ে গিয়েছিল শর্ট বল পেয়ে, টাইমিংও হয়নি ঠিকমতো, স্রেফ ঘুরিয়ে দিয়েছে।’
মাশরাফির এসব ব্যাখ্যার সঙ্গে অনেকে একমত হতে পারেন, অনেকেই হবেন না। তবে খেলাটাই তো আসলে এমন! ব্যাটিংয়ে আরও ‘১০-১৫-২০ রান’ করতে না পারার হতাশা ছিল। এই রান নিয়েও শেষ বল পর্যন্ত লড়াইয়ে তৃপ্তিও ছিল খানিকটা। তবে এক নম্বর দলের বিপক্ষে টানা দুটি শেষ বলের হার, লড়াইয়ের তৃপ্তির চেয়ে হারের আক্ষেপই বেশি!