অ্যাডিলেডে অনুষ্ঠানরত চতুর্থ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য ৩০০ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে ইংল্যান্ড। টসে জিতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২৯৯ রান। জোনাথন ট্রটের সেঞ্চুরি ও ম্যাট প্রিয়রের দ্রুতগতির ৬৭ রান ইংল্যান্ডকে নিয়ে যায় চ্যালেঞ্জিং সংগ্রহের দিকে।চলমান ওয়ানডে সিরিজে টিকে থাকতে হলে ইংল্যান্ডের জন্য আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই। এর আগে তিনটি ওয়ানডে জিতে অস্ট্রেলিয়া সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।দিনের শুরুতেই দলীয় ২৩ রানে অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসকে হারিয়ে ইংল্যান্ড কিছুটা বিপাকে পড়ে গেলেও ম্যাট প্রিয়র তা সামলিয়ে ওঠেন দারুণ কারিশমায়। উইকেটের চারদিকে মেরে খুব দ্রুতই ঘোরাতে থাকেন ইংলিশদের রানের চাকা। জোনাথন ট্রট ও প্রিয়রের ব্যাটিংয়ে প্রাথমিক ধাক্কা সামলিয়ে আক্রমণাত্মক হয়ে ওঠে ইংল্যান্ড। দলীয় ১৩৬ রানে প্রিয়র আউট হওয়ার পরে খুব দ্রুতই আবার দুটি উইকেট হারায় ইংলিশরা। পিটারসেন ও বেলকে ফিরিয়ে দিয়ে স্মিথ এ সময় অসিদের ম্যাচে ফিরিয়ে নিয়ে আসেন। তবে গত দেড় বছরে ইংলিশ ব্যাটিংয়ের সবচেয়ে ধারাবাহিক চরিত্র জোনাথন ট্রট উইকেটের একদিক ধরে রেখে নিজের মতোই ব্যাট চালিয়ে যেতে থাকেন। তিনি থামেন সেঞ্চুরি পূর্ণ করেই। ১০২ রানে ডেভিড হাসির বলে বোল্ড হন তিনি। তবে ট্রট আউট হওয়ার পর ইংল্যান্ডের রানের গতি কিছুটা হলেও শ্লথ হয়ে যায়। এরপর মরগান ২৪, কলিংউড ২৭ ও ইয়ার্ডি অপরাজিত ৩৯ রান করলেও রান তোলার গতি প্রত্যাশিত না হওয়ার কারণে ইংল্যান্ডের ইনিংস থেমে যায় ২৯৯-তেই।অস্ট্রেলিয়ার পক্ষে বল হাতে বাজিমাত করেন ডেভিড হাসি। তিনি মাত্র ৪ ওভার বল করে ২১ রান দিয়ে তুলে নেন চারজন ইংলিশ ব্যাটসম্যানের উইকেট। এ ছাড়া স্মিথ ৩টি ও ব্রেট লি ১টি উইকেট সংগ্রহ করেন।সংক্ষিপ্ত স্কোরইংল্যান্ড ২৯৯/৮ (৫০ ওভার)ট্রট ১০২, প্রিয়র ৬৭, ইয়ার্ডি ৩৯ডেভিড হাসি ৪/২১, স্মিথ ৩/৩৩