জয়ের জন্য যত কৌশল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 পাশাপাশি তিনটি নেটে ব্যাটিং হচ্ছে। জেমি সিডন্স ঠায় দাঁড়িয়ে মাঝের নেটের বোলিং প্রান্তে, যেন ঐচ্ছিক অনুশীলনের দিনে কেবল শাহরিয়ার নাফীসের ব্যাটিংটাই দেখতে এসেছেন! সাকিব আল হাসান তখন ইনডোরে। একা। একা একাই খালি স্টাম্পে বল করে যাচ্ছেন একটার পর একটা। একটু পর নাঈম ইসলাম বোলিং মেশিনের নেট থেকে সরে এসে দাঁড়ালেন এই নেটে। সাকিব বল করেই যাচ্ছেন...। মাঝে একটু বিশ্রাম নিয়ে এক ঘণ্টারও বেশি সময় ধরে চলল পর্বটা।—শাহরিয়ার নাফীসের ব্যাটিংয়ে বিশেষ কিছু কি খুঁজছিলেন কোচ সিডন্স? কিংবা সাকিব কি বোলিং তূণে নতুন কিছু যোগ করতেই ইনডোরে একা একা ওই সাধনা করে গেলেন!শাহরিয়ার: হ্যাঁ, কোচ আজ (গতকাল) অনেক সময় দিয়েছেন আমাকে নেটে। জুনায়েদ, ইমরুলের একটা বিশেষ ধরনের ডিফেন্স কোচের খুব পছন্দ। আমাকে বলেছেন, ওটা নাকি এখন আমারও ভালো হচ্ছে।সাকিব: তেমন কিছুই চেষ্টা করিনি। আসলে অনুশীলনে খুব একটা বোলিং প্র্যাকটিস করা হয় না আমার। তাই একটু প্র্যাকটিস করে নিলাম।প্রায় ছয় মাস পর বিশ্বকাপ দিয়ে মাঠে নেমেছেন। হল্যান্ড ম্যাচে ৩৭ রান করলেও তাঁর নিজের এবং কোচ সিডন্সেরও মূল্যায়ন, একটু নার্ভাস ছিলেন শাহরিয়ার। অন্যদিকে বল হাতে একটু যেন মলিন যাচ্ছে সাকিবের সময়টা। বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে পেয়েছেন ৬ উইকেট—সাকিবসুলভ পারফরম্যান্স তো নয়! শাহরিয়ারের প্রতি সিডন্স এবং নিজের প্রতি সাকিবের বাড়তি যত্নের কারণটা বোধ হয় বোঝা গেল এতে।চট্টগ্রামে ১২ দিনের সফর শেষে কালকের দিনটা ছুটির মতোই কাটল ক্রিকেটারদের। তার পরও ঐচ্ছিক অনুশীলনের দিন সকালে দলের ৯ ক্রিকেটার অনুশীলন করেছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ব্যক্তিগত ভুলত্রুটি আর দুর্বলতা নিয়ে কাজ হয়েছে। ১৯ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে মূল অনুশীলন পর্বটা শুরু হবে আজ থেকে।দক্ষিণ আফ্রিকাকে হারালেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত। তার আগে আজ চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ম্যাচটাও গুরুত্বপূর্ণ সাকিবদের জন্য। এ ম্যাচে ইংল্যান্ড হেরে গেলে কোয়ার্টার ফাইনালে ওঠার উৎসব হবে আজই। শাহরিয়ার অবশ্য বললেন, ‘আমাদের মূল ফোকাস দক্ষিণ আফ্রিকা ম্যাচের ওপর। জিততে পারলে আমরা কোয়ার্টার ফাইনালে চলে যাব। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দিকেও দৃষ্টি থাকবে, তবে ওটা আমাদের হাতে নেই। আর জিতে কোয়ার্টার ফাইনালে উঠলে জেতার অভ্যাসটা পরের ম্যাচগুলোতে কাজে লাগবে।’কিন্তু দক্ষিণ আফ্রিকাকে হারানো কি এত সহজ? শাহরিয়ার কাজটা কঠিন মানলেও বলছেন, ‘কাজটা কঠিন, ফর্মুলাটা সহজ—ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই ওদের চেয়ে ভালো খেলতে হবে। আমাদের বোলিং-ফিল্ডিং ভালো হচ্ছে, এখন ব্যাটিংটাও ভালো করতে পারলে কোনো কিছুই অসম্ভব নয়। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচেও দক্ষিণ আফ্রিকার কষ্ট হচ্ছিল জিততে। আয়ারল্যান্ডের চেয়ে তো আমাদের বোলিং-ফিল্ডিং ভালো।’চট্টগ্রাম থেকে মহা গুরুত্বপূর্ণ দুটি জয় ছাড়া আরও একটি জিনিস নিয়ে ফিরেছে বাংলাদেশ দল—দশে মিলে করি কাজের মানসিকতা। কোয়ার্টার ফাইনালের স্বপ্ন নিয়ে আসা হয়েছে ঢাকায়, আর আনা হয়েছে টিম স্পিরিট বাড়ানোর রসদ। দলের শেফ দ্য মিশন ও বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান এনায়েত হোসেন পুরো দলকে একসঙ্গে রাখতে প্রায় প্রতিদিনই টিম ডিনার দিয়েছেন। এ ছাড়া প্রতিদিন একসঙ্গে নামাজ পড়াটাকেও ধরা হচ্ছে টিম স্পিরিট বাড়ানোর কৌশল হিসেবে।্র‘চট্টগ্রামে খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। দিনে অন্তত পাঁচবার একসঙ্গে হওয়া কম কথা নয়। নামাজ তো আছেই, নামাজের উদ্দেশ্যে যে একসঙ্গে হতাম, খেলা নিয়ে ভালো ভালো আলোচনা করতাম, তাতে নেতিবাচক কোনো কিছুই আমাদের স্পর্শ করতে পারেনি।’ ভবিষ্যতের জন্যও যত বেশি সময় সম্ভব সবাই একসঙ্গে থাকার ব্যাপারটা মাথায় রাখবেন বলে জানিয়েছেন শাহরিয়ার।বিশ্বকাপের প্রথম চার ম্যাচ ড্রেসিংরুমে বসে কাটালেও শাহরিয়ার এখন অনেক বেশি দলের অনুষঙ্গ। এর আগে ওপেনিংয়ে ব্যাট করেছেন, খেলেছেন তিন আর পাঁচ নম্বরে। হল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো চার নম্বরে ব্যাট করেও আত্মবিশ্বাসী এই বাঁহাতি, ‘কোচ মনে করেন আমি স্পিন ভালো খেলি। ওনার মতে দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে আমি স্পিন ভালো খেলি। আর এই মুহূর্তে ওপেনিং বা তিন নম্বরেও জায়গা খালি নেই। কোচ বলেছেন, খেলতে হলে ৪, ৫ বা ৬-এ খেলতে হবে। আমি যেহেতু স্পিন ভালো খেলি, আমার ওপর তিনি আস্থা রাখছেন।’‘আস্থা’ নিজেদের ওপর নিজেদেরও রাখতে হবে। মাঠে জয়ের পতাকা উড়ছে, সময় এসেছে মনের মধ্যেও পতাকাটা ওড়ানোর।