মুম্বাই টেস্টে জয়ের সুবাস পাচ্ছে ভারত। হাতে ৫ উইকেট রেখে তাদের প্রয়োজন আর ৫৯ রান। তারপরেও অসামান্য সতর্কতার সঙ্গে ব্যাট করতে হচ্ছে ক্রিজে থাকা দুই ব্যাটসম্যান বিরাট কোহলি ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। কারণ, এদের দু’জনের পর বিশেষজ্ঞ ব্যাটসম্যান আর নেই। অশ্বিন প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন ঠিকই, কিন্তু তাঁকে বিশেষজ্ঞ ব্যাটসম্যান বলাটা বোধ হয় একটু বাড়াবাড়িই। এই প্রতিবেদন লেখার সময় ভারতের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৮৪ রান।পঞ্চমদিনের শুরুতেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ নিজেদের দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে যায় ১৩৪ রানে। এরপরই নিস্প্রাণ ড্রয়ের দিকে এগিয়ে যাওয়া মুম্বাই টেস্ট প্রাণ ফিরে পায়। ভারতের সামনে হঠাত্ চলে আসে জয়ের সুযোগ। আর সেই হাতছানিতেই কিনা, ২৪৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামা ভারত একটু তাড়াহুড়ো করেই কিনা হারিয়ে বসে ৫টি উইকেট। বীরেন্দর শেবাগ দারুণ সূচনা এনে দিয়েছিলেন, কিন্তু খুব অল্প ব্যবধানেই গম্ভীর, শেবাগ, দ্রাবিড় আর টেন্ডুলকার আউট হয়ে গেলে চাপে পড়ে যায় ভারত। লক্ষণ আর কোহলি জুটি গড়ে তুললেও লক্ষণ ফিরে যান ব্যক্তিগত ৩১ রানে।ওয়েস্ট ইন্ডিজের পক্ষে এডওয়ার্ডস, রামপাল, বিশু ১টি ও স্যামুয়েলস ২টি উইকেট দখল করেছেন। সূত্র: রয়টার্স