জয়ের দেখা পেল চিটাগং
প্রথম দুই ম্যাচে হার। তবে নিজেদের তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল চিটাগং কিংস। খুলনায় আজ বৃহস্পতিবার বরিশাল বার্নার্সকে ২১ রানে হারিয়েছে তারা।সকালে টস জিতে চিটাগংকে ব্যাট করার আমন্ত্রণ জানান বরিশালের অধিনায়ক ব্রাড হজ। ব্যাট হাতে অবশ্য খুব একটা সফল হয়নি চিটাগং। ৭ উইকেটে ১২৯ রান তুলতে সক্ষম হয় মাহমুদউল্লাহর দল। জবাবে শেষ পর্যন্ত লড়ে ৯ উইকেটে ১০৮ রান তুলতে পারে বরিশাল।চিটাগংয়ের ইনিংস শেষে মনে হচ্ছিল, এ ম্যাচে বরিশালের জয়ের পাল্লা ভারী। তবে বরিশাল ব্যাটিংয়ে নামার পর দ্রুত পাল্টে যায় দৃশ্যপট। একের পর এক উইকেট বিসর্জন দিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে বরিশাল।বরিশালের মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের সংগ্রহ গড়তে সক্ষম হন। অধিনায়ক ব্রাড হজ করেন ৩৪ রান। অলক কাপালির সংগ্রহ ১২। শফিউল ইসলাম ১০ রানে অপরাজিত থাকেন। চিটাগংয়ের হয়ে কেভন কুপার, এনামুল হক জুনিয়র ও আরাফাত সানি দুটি করে উইকেট শিকার করেন।প্রথমে ব্যাট করা চিটাগংয়ের সফলতম ব্যাটসম্যান রাভি বোপারা। ইংলিশ এই ব্যাটসম্যানের সংগ্রহ ৩৮। এ ছাড়া রায়ান ডয়েসকেট ২৩, নাঈম ইসলাম ১৯ ও জ্যাকব ওরাম ১৮ রান করেন। বরিশালের হয়ে কবির আলী, আজহার মাহমুদ ও শফিউল ইসলাম দুটি করে উইকেট নেন।