জয়ের দেখা পেল ঢাকা গ্ল্যাডিয়েটরস
বিপিএলে ১৬০-১৭০ রানও নিরাপদ হচ্ছে না। ১২৪ তো মামুলি সংগ্রহ! সিলেট রয়্যালস ওখানেই থেমে যাওয়ার পর পরিণতি যা হওয়ার তাই হয়েছে। কালকের দ্বিতীয় ম্যাচে ঢাকা গ্ল্যাডিয়েটরসের কাছে তারা হেরে গেছে ৭ উইকেটে। এ পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিতেই হারল সিলেট রয়্যালস। প্রথম ম্যাচে হারার পর ঢাকার এটি প্রথম জয়।সিলেট রয়্যালসের ইনিংস শুরু থেকেই এগিয়েছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। ৯ রানে ওপেনার কামরান আকমল আউট। এরপর কখনোই সাবলীল ছিল না ব্যাটিং। ৬৮ রানে ষষ্ঠ উইকেট পড়ে যাওয়ার পর সপ্তম উইকেটে নাঈম (৩০) ও ব্র্যাড হগ (১৮) মিলে যোগ করেছেন ৩১, দলের পক্ষে ওটাই সর্বোচ্চ জুটি। এই ইনিংসে দেখার মতো ছিল বরং ঢাকা গ্ল্যাডিয়েটরস অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বোলিংটাই। ২২ রানে ২ উইকেট নেওয়া মাশরাফি যেন ক্রমেই ফিরে পাচ্ছেন আসল চেহারাটা।ঢাকা গ্ল্যাডিয়েটরসের জয় নিয়ে কখনোই সংশয় জাগেনি। তবে সেটি যতটা সহজ হওয়া উচিত ছিল, ততটা সহজ অবশ্য হয়নি। ২৮ বলে ২৩ রান করা মোহাম্মদ আশরাফুল ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছেন, তবে সেটি ১৯তম ওভারের দ্বিতীয় বলে। আশরাফুলের আগে আসল কাজটা করে দিয়েছিলেন আনামুল হক। চার ছক্কা ও তিন বাউন্ডারিতে ৩৯ বলে করেছেন ৪৮ রান। টুর্নামেন্টে প্রথম বাংলাদেশি হিসেবে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচও। ৬৫ রানে ২ উইকেট পড়ার পর আশরাফুলের সঙ্গে ৪৩ রানের জুটি হয়েছে আনামুলের। সংক্ষিপ্ত স্কোরসিলেট রয়্যালস: ১৯.৫ ওভারে ১২৪ (নাঈম ৩০, ইমরুল ২৩, হগ ১৮*, শুভাগত ১৪, অলক ১০; মাশরাফি ২/২২, সানি ১/৩, আশরাফুল ১/৪, পোলার্ড ১/২৪, আজহার ১/২৫)। ঢাকা গ্ল্যাডিয়েটরস: ১৮.২ ওভারে ১২৬/৩ (আনামুল ৪৮, ইমরান ২৬, আশরাফুল ২৩*; হগ ১/১৯, সোহেল ১/২০, নাবিল সামাদ ১/২৭)। ফল: ঢাকা গ্ল্যাডিয়েটরস ৭ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: আনামুল হক।