জয়ের দেখা পেল দিল্লি
ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে টানা ছয় ম্যাচে হার। তবে নিজেদের সপ্তম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল দিল্লি ডেয়ারডেভিলস।আজ রোববার মুম্বাই ইন্ডিয়ানসকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে দিল্লি। টস জিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৬১ রান তুলে মুম্বাই। জবাবে ইনিংসের ১৮ বল বাকি থাকতে মাত্র একটি উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দিল্লি।এ ম্যাচে দিল্লির জয়ের নায়ক উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ। দলের জয় নিশ্চিত করে ৫৭ বলে ব্যক্তিগত ৯৫ রানে অপরাজিত থাকেন তিনি। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনেও কম যাননি। ৪৩ বলে ৫৯ রান করেন তিনি। জয়াবর্ধনে-শেবাগের উদ্বোধনী জুটিতেই ১৫১ রানের দেখা পায় দিল্লি।প্রথমে ব্যাট করা মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন রোহিত শর্মা। শচীন টেন্ডুলকারের সংগ্রহ ৫৪ রান। কাইরন পোলার্ড ১৯ রানে অপরাজিত থাকেন।মুম্বাইয়ের বিপক্ষে আজকের জয়ের সুবাদে ৭ ম্যাচে দিল্লির অর্জন ২ পয়েন্ট। অন্যদিকে ৬ ম্যাচে মুম্বাইয়ের পয়েন্ট ৬। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত সবার ওপরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সূত্র: ক্রিকইনফো।