জয়ের দেখা পেল ব্রাদার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের ম্যাচে দশ জনের দলে পরিণত হয়েও শেখ রাসেল ৩-০ গোলে হারিয়েছিল মোহামেডানকে। এমন জয় অবশ্যই আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। কিন্তু কাল সেই আত্মবিশ্বাস কর্পূরের মতো কোথায় যেন উবে গেল। আকাশ থেকে রাসেলকে মাটিতে নামাল তাদের চেয়ে কাগজে-কলমে দুর্বল ব্রাদার্স। কিংসলের একমাত্র গোলে লিগে প্রথম জয় তুলে নিল কমলা রঙের দলটি। ফেডারেশন কাপের সেমিফাইনালে ওঠা শেখ রাসেল লিগের শুরুতে ধুঁকছিল। প্রথম দুই ম্যাচ ড্র করে ফেনী সকার ও রহমতগঞ্জের সঙ্গে। কিন্তু ছন্দে ফেরার প্রমাণ দেয় পরের দুই ম্যাচে আরামবাগ ও মোহামেডানকে হারিয়ে। কাল ছন্দপতন ঘটাল ব্রাদার্স। শেখ রাসেল হেরেছে আসলে স্ট্রাইকারদের ব্যর্থতায়। প্রথমদিকে রক্ষণটাকে জমাট করে খেলতে থাকে ব্রাদার্স। কিন্তু পরে এই রক্ষণ ভেঙে সুযোগ পেয়েও গোল করতে পারেননি ইউসুফ ও আনোয়ার। ৫৩ মিনিটে গোলরক্ষক উত্তমকে একা পেয়েও ইউসুফ বল মারেন বাইরে। ৭৪ মিনিটে আনোয়ারের শট গিয়ে লাগে বাঁ পোস্টে। গত ম্যাচে মোহামেডানের বিপক্ষে জোড়া গোল করা বুকোলা যেন ছিলেন নিজের ছায়া। পুরো ম্যাচে চার-পাঁচটি সুযোগ হয়েছে রাসেলের। দ্বিতীয়ার্ধেই বেশি আক্রমণাত্মক ছিল তারা। উল্টো ৭৯ মিনিটে ধারার বিপরীতে গোল হজম করে বসে রাসেল। জামালের ক্রস থেকে চমৎকার হেডে লিগে নিজের প্রথম গোল করে ব্রাদার্সকে এগিয়ে নেন কিংসলে। ম্যাচের শেষ ১১ মিনিট গোল শোধের জন্য বলতে গেলে মরিয়াই ছিল রাসেল। কিন্তু গোল তারা পায়নি। অবশ্য প্রথমার্ধেই এগিয়ে যেতে পারত ব্রাদার্স। ৩৪ মিনিটে বক্সের মধ্যে এগিয়ে যাওয়া কিংসলেকে শেখ রাসেলের দুই ডিফেন্ডার ফেলে দেন। কিন্তু ব্রাদার্সের পেনাল্টির আবেদনে সাড়া দেননি রেফারি। ৫ ম্যাচে ২ জয়, ২ ড্র ও ১ হারে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রাসেল। সমান ম্যাচে ১ জয়, ২ ড্রয়ে ৫ পয়েন্ট পাওয়া ব্রাদার্স ষষ্ঠ স্থানে।লিগে প্রথম হারে শেখ রাসেল কোচ মারুফুল হক বিষণ্ন। হারের জন্য দুষলেন খেলোয়াড়দের অতি আত্মবিশ্বাসী মানসিকতাকে, ‘মোহামেডানকে হারিয়ে খেলোয়াড়েরা আত্মবিশ্বাসে আকাশে উঠে গিয়েছিল। কোনোভাবেই তাদের নামাতে পারিনি সেখান থেকে।’ স্ট্রাইকাররা কেন বিবর্ণ থাকলেন ব্যাখ্যা দিলেন সেটারও, ‘বুকোলা, ইউসুফ, মরো মোহাম্মদ ও আনোয়ার ইনজুরির কারণে গত পাঁচ দিন অনুশীলন করেনি। এটারও প্রভাব পড়েছে।’ মৌসুমের প্রথম জয়ের পর উচ্ছ্বসিত ব্রাদার্স কোচ সৈয়দ নঈমুদ্দিন জানালেন, ‘শেখ রাসেল কঠিন প্রতিপক্ষ। ওদের হারাতে পেরে দারুণ লাগছে। ছেলেরা প্রতিনিয়ত কঠোর অনুশীলন করছে বলেই জয়টা এসেছে।’ শেখ রাসেল: বিপ্লব, উত্তম, আমিনুল (জাহেদ), ইয়ামিন, আব্বাস, ইউসুফ, মরো মোহাম্মদ, ইমু (ইমন), আনোয়ার, পাসকাল (ফয়সাল), বুকোলা।ব্রাদার্স: উত্তম, তারা, সৈকত (আসিফ), শিপন, মালেক (জামাল), তৌহিদ (দিদারুল), কবির, কাজেম, জানকাসা, প্রিন্স, কিংসলে।