জয়ের দেখাই পেল না ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হতাশ-বিমর্ষ মুখেই শেষ হলো ইংল্যান্ডের বিশ্বকাপ মিশন। ছবি: রয়টার্স
হতাশ-বিমর্ষ মুখেই শেষ হলো ইংল্যান্ডের বিশ্বকাপ মিশন। ছবি: রয়টার্স

২০০৬ সাল থেকে যেন উল্টো পথেই হাঁটছে ইংল্যান্ড। সেবার তারা গিয়েছিল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। পরের আসরে, ২০১০ সালে দ্বিতীয় রাউন্ডে গিয়ে থেমেছিল ইংল্যান্ডের বিশ্বকাপ মিশন। আর এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো ফুটবলের জনকদের।

শুধু তাই না, এবারের আসরে একটা ম্যাচেও জয়ের দেখা পায়নি ইংলিশ ফুটবলাররা। প্রথম দুইটি ম্যাচে হারের পর আজ কোস্টারিকার বিপক্ষেও গোলশূণ্য ড্র করেছে ইংল্যান্ড। এমনটা শেষবারের মতো ঘটেছিল ১৯৫৮ সালে। সেবারও কোনো ম্যাচে জয়ের মুখ না দেখে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ইংল্যান্ড।
এবারের বিশ্বকাপ মিশনটা যে খুব একটা সুখকর হবে না, সেটা শুরুর আগেই হয়তো টের পেয়েছিলেন ইংল্যান্ডের সমর্থকেরা। ‘ডি’ গ্রুপের মৃত্যুকূপে তাদের প্রতিপক্ষ দুইটি বিশ্বকাপজয়ী দল ইতালি ও উরুগুয়ে। নিজেদের শক্তিমত্তা বিচার করে খুব বেশি হইচইও এবার করতে দেখা যায়নি ইংলিশ গণমাধ্যমকে। কিন্তু তবুও, এতটা খারাপ পারফরম্যান্সও হয়তো কেউ আশা করেননি।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই ইতালির কাছে ২-১ গোলে হার। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা টিকিয়ে রাখতে হলে পরের ম্যাচটা জিততেই হতো। কিন্তু উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচেও ২-১ গোলে হেরে গেল থ্রি লায়নরা।
গ্রুপ পর্বে ভয়টা ইতালি আর উরুগুয়েকে নিয়ে বেশি থাকলেও ইংল্যান্ডকে আসল ধাক্কাটা দিয়েছে কোস্টারিকা। নিজেদের প্রথম দুই ম্যাচে উরুগুয়ে আর ইতালিকে হারিয়ে ইংল্যান্ডকে তারা বিদায় করে দিয়েছিল মুখোমুখি লড়াইয়ের আগেই।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হওয়ার আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল দুই দলের ভাগ্য। টানা দুই ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত কোস্টারিকার। আর টানা দুই ম্যাচ হেরে বিদায় ইংল্যান্ডের।
ইংল্যান্ডের সমর্থকেরা এখন হয়তো এটা ভেবে সান্তনা খুঁজতে পারেন যে, ইতালি-উরুগুয়ের মতো কোস্টারিকার বিপক্ষে হারের মুখ তো আর দেখতে হয়নি!