জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
সিরিজ নিশ্চিত করতে প্রয়োজন ২১৮ রান। এ লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। বিপর্যয় কাটে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর ৯১ রানের জুটিতে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০১ রান। নাসির হোসেন ২৮ ও সোহাগ গাজী ১২ রানে অপরাজিত আছেন।দলীয় ৮ রানে তামিম ইকবালকে (৮) বোল্ড করেন কেমার রোচ। একই ওভারে আরেক উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হককে (০) ফেরান ক্যারিবীয় এই ফাস্ট বোলার। দলীয় ৩০ রানে জহুরুল হকও (১০) ফেরেন রোচের শিকার হয়ে। মুশফিকুর রহিমের সঙ্গে বিপর্যয় কাটানো জুটি গড়ে সাজঘরে ফিরেছেন সহঅধিনায়ক মাহমুদউল্লাহ (৪৮)। অধিনায়ক মুশফিকুর ফেরেন ব্যক্তিগত ৪৪ রানে।এর আগে প্রথমে ব্যাট করে ইনিংসের দুই ওভার বাকি থাকতে ২১৭ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের শুরুতেই বিপর্যয়ে পড়েছিল ক্যারিবীয়রা। দলীয় ১৭ রানের মধ্যে তিনটি উইকেটের পতন ঘটে। তবে চতুর্থ উইকেটে কাইরন পোলার্ড ও ড্যারেন ব্রাভোর ১৩২ রানে জুটিতে শুরুর বিপর্যয় কাটায় ক্যারিবীয়রা।ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৮৫ রান সংগ্রহ কাইরন পোলার্ডের। তাঁর ৭৪ বলের ইনিংসে ছিল পাঁচটি চার ও আটটি ছয়ের মার। পোলার্ডকে বোল্ড করেন মমিনুল হক। ৫১ রান করা ড্যারেন ব্রাভোকে ফেরান মাহমুদউল্লাহ।বল হাতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সফলতা পেয়েছেন শফিউল ইসলাম। ৯ ওভার বল করে ৩১ রান খরচায় তিনি তুলে নিয়েছেন তিনটি উইকেট। মাহমুদউল্লাহ ও মমিনুল হক নেন দুটি করে উইকেট।সিরিজ এখন পর্যন্ত ২-২-এ সমতায়। আজকের ম্যাচটিই তাই অলিখিত ‘ফাইনাল’। সিরিজ নিষ্পত্তির ম্যাচে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এসেছে। মাশরাফি বিন মুর্তজা ও নাঈম ইসলাম খেলছেন না। নাঈমের জায়গায় দলে এসেছেন জহুরুল ইসলাম। মাশরাফির জায়গায় খেলছেন পেসার শফিউল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজ দলেও একটি পরিবর্তন এসেছে। ডোয়াইন স্মিথের পরিবর্তে খেলছেন আন্দ্রে রাসেল।