জয়ের ধারায় বোল্ট
গত সপ্তাহে রোমের ডায়মন্ড লিগের ১০০ মিটারে জাস্টিন গ্যাটলিনের কাছে হেরে যান অপ্রত্যাশিতভাবে। পরশু অসলো মিটের ১০০ মিটারে অংশ নেননি, কিন্তু ২০০ মিটারে জিতে উসাইন বোল্ট কিছুটা হলেও প্রলেপ দিতে পারলেন সেই হারের ক্ষতে। ইভেন্টটির বিশ্ব রেকর্ডধারী জ্যামাইকান গতিমানব মৌসুমে প্রথম ২০ সেকেন্ডের নিচে টাইমিং করে (১৯.৭৯) এই ইঙ্গিতও দিলেন যে হ্যামস্ট্রিংয়ের চোট থেকে তিনি সেরে উঠেছেন।বোল্টের ১৯.৭৯ সেকেন্ডের কমে ২০০ মিটারে আর কেউ দৌড়াতে পারেনি এই বছর। অসলোতে তাঁর মূল প্রতিদ্বন্দ্বী ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হল্যান্ডের চুরান্ডি মার্টিনা অবশ্য শুরুতেই অযোগ্য ঘোষিত হন। নরওয়ের জেসুমা সাইদি এনদুরে (২০.৩৬) অনেক পিছিয়ে থেকে দ্বিতীয় হয়েছেন। এই জয়ে বোল্টের কণ্ঠে আনন্দের চেয়ে স্বস্তিটাই ছিল বেশি, ‘মৌসুমের প্রথম ২০০ মিটার হিসেবে শুরুটা ভালোই হলো। আমি এখন ঘরে ফিরব। অনেক কিছু নিয়ে কাজ করতে হবে আমাকে। তবে কন্ডিশন ভালো থাকলে ১৯.৫ সেকেন্ডেও দৌড়াতে পারতাম আমি।’ রয়টার্স।