লা লিগাটা জিতলেও বার্সেলোনাকে গত মৌসুমের মতো অপ্রতিরোধ্য রূপে দেখা যায়নি কেন? কেন সুন্দর ফুটবলের পসরাটাও ছিল অধারাবাহিক? কিংবা কনফেডারেশনস কাপে কেন প্রত্যাশিত ফল পেল না স্পেন? উত্তর খুব সহজ, আন্দ্রেস ইনিয়েস্তার ইনজুরি! ইনজুরিতে কনফেডারেশনস কাপে খেলতে পারেননি, মিস করেছেন ক্লাব মৌসুমের অনেকটাও। শঙ্কা ছিল বিশ্বকাপটা নিয়েও, কিন্তু ভিসেন্তে দেল বস্ক তাঁকে দলে না রাখার কথা ভাবতেই পারেননি। পারবেন কী করে, ইনিয়েস্তা যে স্পেন দলের ‘ব্রেইন’! অনেকের কাছে আবার তাঁর নাম ‘ডন আন্দ্রেস’। ‘ব্রেইন’ হোক আর ‘ডন’, ইনিয়েস্তা দলের জন্য কতটা কী, এর প্রমাণ অনেকবার হয়ে গেছে এই বিশ্বকাপে। ইনজুরিতে গ্রুপ পর্বে দলের দ্বিতীয় ম্যাচ মিস করার পর তৃতীয় ম্যাচে ফিরেই হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ। ম্যাচ-সেরা হয়েছিলেন কোয়ার্টার ফাইনালেও। আর পরশু দলকে পাইয়ে দিলেন স্বপ্নের বিশ্বকাপ।ইনিয়েস্তা ছাড়া স্পেন দলের কথা কেন ভাবা যায় না, এর একটা ভালো উত্তর দিয়েছিলেন সতীর্থ জাভি হার্নান্দেজ, ‘অনেকটা ব্যবধানে এগিয়ে স্পেনের সেরা ফুটবলার সে। কারণ ও এমন কিছু করতে পারে, যা আর কেউ পারে না।’ এই জাভির সঙ্গেই তাঁর মিলটা বেশি—গড়নে, খেলার ধরনে। গতি ততটা নেই, নেই খেলায় শক্তির প্রদর্শনীও, ইনিয়েস্তার সবচেয়ে বড় শক্তি বল পায়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারার ক্ষমতা আর ডিফেন্স-চেরা নিখুঁত পাস। প্রয়োজনের সময় খুঁজে নিতে পারেন প্রতিপক্ষের জালটাকেও। কাল শুধু গোলটিই করেননি, পুরো ম্যাচেই খেলেছেন অসাধারণ। আক্রমণে যেমন, তেমনি স্কিলের চূড়ান্ত দেখিয়েছেন রক্ষণেও। কালকের ইনিয়েস্তাকে দেখে সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা ওয়েইন রুনির। খুব বেশি দিন হয়নি, ইংলিশ স্ট্রাইকার ঘোষণা করেছিলেন, ‘বিশ্বের সেরা ফুটবলার ইনিয়েস্তা।’