আজ রিয়াল মাদ্রিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবেন কে? ক্রিস্টিয়ানো রোনালদো? মেসুত ওজিল? করিম বেনজেমা? ইকার ক্যাসিয়াস? না! এঁদের কেউ নন। আজ রিয়ালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘খেলোয়াড়’ তাদের দর্শক!আপনার হিসাবে রিয়ালের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় যিনি, সেই রোনালদোই বলছেন, আজ রিয়াল খেলবে ১২ জন নিয়ে। আর দ্বাদশ খেলোয়াড় হিসেবে তাদের সঙ্গে থাকবে সান্তিয়াগো বার্নাব্যু, ‘আশা করছি, প্রথম গোলটা বার্নাব্যুই পাবে। আমাদের মাঠে নামার প্রথম মিনিট থেকেই দর্শকদের তৈরি থাকতে হবে। কারণ, তাদের সমর্থনের প্রভাব আমরা অনুভব করি। এটা অনেক বড় একটা ম্যাচ। সমর্থকেরা আমাদের পাশে থাকলে আমরা আত্মবিশ্বাসে টইটম্বুর থাকব।’দর্শক পাশে থাকবে। এ কারণেই জয়ের একরকম নিশ্চয়তা দিচ্ছেন রোনালদো, ‘আমরা জানি, বায়ার্ন পাল্টা আক্রমণেই খেলবে। কিন্তু এ-ও জানি, ওরা আমাদের অনেক সমীহ করবে। কারণ, আমরা খেলব আমাদের নিজেদের মাঠে। আমরা এই মুহূর্তে দারুণ অবস্থায় আছি। আমি নিশ্চিত, আমরাই জিতব। কারণ, ম্যাচটা আমরা নিজেদের মাঠে, নিজেদের সমর্থকদের সামনে খেলছি। জেতার সব রকম সামর্থ্যই আমাদের আছে।’গতবার মৌসুমের শেষ প্রান্তে এসে পথ হারিয়েছিল রিয়াল। এবার ঠিক যেন উল্টো ছবি। এর মূল কারণ হোসে মরিনহোর মৌনব্রত। কিছুদিন ধরেই যেন মুখে কুলুপ এঁটে বসে আছেন রিয়াল কোচ। তাঁর বদলে সংবাদ সম্মেলনে আসছেন তাঁর সহকারী আইতর কারাঙ্কা। গতবার এই সময়টায় মরিনহোর উত্তপ্ত মন্তব্য রিয়ালকেও টালমাটাল করে দিয়েছিল। মরিনহো চুপ থাকাতেই এবার যেন রিয়াল আগের চেয়ে অনেক বেশি সুস্থির, শান্ত। আজ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ফিরতি লড়াইয়ের আগে অবশ্য সংবাদ সম্মেলনে মরিনহোর উপস্থিত হওয়ার বাধ্যবাধকতা আছে।আরেকটি ব্যাপার রিয়ালের পক্ষে। গত শনিবার লা লিগায় এল ক্লাসিকো জিতেছে রিয়াল। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে এই প্রথম লিগে হারালেন মরিনহো। এই জয় রিয়ালকে লিগের জয়ের নিশ্চয়তা এনে দিয়েছে। ফলে আপাতত লিগ নিয়ে না ভাবলেও চলছে। এ ম্যাচে তাই পুরো শক্তির নির্ভার একটি দল নামাতে পারবেন মরিনহো। এল ক্লাসিকোর গত ম্যাচটিতে জয়সূচক গোল করে ‘বড় ম্যাচে পারেন না’ অপবাদও ঘুচিয়ে দিয়েছেন রোনালদো। চ্যাম্পিয়নস লিগে ৮ গোল করা রোনালদোর দিকে আজও তাকিয়ে থাকবে দল। এই মৌসুমে ক্যারিয়ার-সর্বোচ্চ ৫৪ গোল করা পর্তুগিজ তারকা আরও একবার বড় মঞ্চে ঝলসে উঠতে তৈরি। রোনালদো ভালো করেই জানেন, ফিফা ব্যালন ডি’অর জেতার লড়াইয়ে চ্যাম্পিয়নস লিগ বড় ভূমিকা রাখবে।তবে আজ বায়ার্নকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে যাওয়া সহজ হবে না বলছেন রোনালদো। প্রথম লেগে বায়ার্নের মাঠে ২-১ গোলে হেরে আসা তো রিয়ালের জন্য বিপৎসংকেতই। বায়ার্নের ফ্রাঙ্ক রিবেরি আছেন দুর্দান্ত ফর্মে। এর সঙ্গে আরও কিছু নাম যোগ করলেন রোনালদো নিজেই, ‘মারিও গোমেজ, এবারের সর্বোচ্চ গোলদাতাদের একজন। রিবেরি তো আছেই, আরিয়েন রোবেন কিন্তু খুবই ভয়ংকর। আক্রমণভাগে ওদের যে চারজন থাকবে, তাদের প্রত্যেকের ব্যাপারে আমাদের সতর্ক থাকা চাই।’তা তো থাকতেই হবে। কারণ, রিয়াল ১-০ গোলে জিতলেই যেমন অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে ফাইনালের টিকিট পাবে, একইভাবে বায়ার্ন একটা গোল করে ফেললেই পাল্টে যাবে হিসাব। তখন সরাসরি জিততে চাইলে রিয়ালকে জিততে হবে ৩-১ গোলে। ফলে বায়ার্নের জন্য অ্যাওয়ে গোল আজ মহা গুরুত্বপূর্ণ। বায়ার্ন কোচ ইয়ুপ হেইঙ্কেসও আত্মবিশ্বাসী, ‘দলের দৃষ্টিভঙ্গি আর দৃঢ়প্রতিজ্ঞতায় আমি খুবই খুশি। গত জয়টিও যোগ্যতর দল হিসেবেই আমরা পেয়েছি। এটা আমাদের মানসিকভাবে চাঙা রাখবে। পূর্ণ আত্মবিশ্বাস ও আস্থা নিয়েই আমরা মাদ্রিদে যাচ্ছি। তা ছাড়া আমরা অ্যাওয়ে ম্যাচগুলোতেও গোল করতে সক্ষম। আমি আশাবাদী।’রিয়ালের দ্বাদশ খেলোয়াড় যদি হয় দর্শক, বায়ার্নের হয়ে সেই ভূমিকা পালন করবেন এই হেইঙ্কেস। রিয়ালেরই হয়ে ১৯৯৮ সালে চ্যাম্পিয়নস লিগ জেতা জার্মান কোচ মাদ্রিদের অন্দরমহল খুব ভালো করেই জানেন! এএফপি, রয়টার্স।