জয়ের পথ ধরে এগোচ্ছে শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬০ রানের ইনিংস খেলার পথে মুমিনুল। ছবি: এএফপি
৬০ রানের ইনিংস খেলার পথে মুমিনুল। ছবি: এএফপি

৩৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৭৯। হাতে ছয় উইকেট আছে। তার চেয়েও বড় কথা, উইকেটে ভালো মতোই থিতু নাঈম ইসলাম ও নাসির হোসেন। মাহমুদউল্লাহর তখনো নামতে বাকি। সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে শেষ ১১ ওভারে ঝড় তুললেই চ্যালেঞ্জিং স্কোর পেয়ে যায় বাংলাদেশ।

নাসির ঝড় তুলতে পারলেন না। ৫৫ বল খেলে মাত্র একটি চারে ৩২ রান করা নাঈমও স্ট্রাইক রেটের ঘাটতি পুষিয়ে দিতে পারলেন না। সাকিব তিন ম্যাচ নিষিদ্ধ না হলে হয়তো এই ম্যাচ খেলাই হতো না মাহমুদউল্লাহর। পড়ে পাওয়া সুযোগটা কাজে লাগাতে পারলেন না তিনিও। কেবল সোহাগ গাজী তিন ছক্কায় ১৩ বলে ২৩ করলেন বলে রক্ষা। অষ্টম উইকেটে ৩১ রানের জুটিও গড়েছেন। তাতেই ৮ উইকেটে ২৪০ রানে গিয়ে থামল বাংলাদেশ।

জবাবে ৬০ রানে শ্রীলঙ্কার দুই উইকেট তুলে নিলেও এই প্রতিবেদন লেখার সময় জমিয়ে ব্যাট করছেন কুশল পেরেরা (৭২) ও দিনেশ চান্ডিমাল (৪২)। তৃতীয় উইকেট জুটিতে ৮৮ রান তুলে ফেলেছেন এই দুজনে। ৩২ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১৪৭/২। জয়ের জন্য আর ৯৪ রান চাই তাদের। বাংলাদেশের পক্ষে দুটো উইকেটই মাহমুদউল্লাহর।

বাংলাদেশের ইনিংসে ফিফটি মাত্র একটিই। ৬০ রান করে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হয়েছেন মুমিনুল হক। ব্যাটিং লাইনআপের চার-পাঁচ-ছয় তিনজনই ত্রিশের ঘরে আউট হয়েছেন। বোঝাই যাচ্ছে মিডল অর্ডার ব্যাটসম্যানদের উইকেটে থিতু হয়েও ইনিংসটাকে লম্বা করে না পারার ব্যর্থতাতেই বাংলাদেশ বড় স্কোর গড়তে পারল না। লঙ্কান বোলারদের মধ্যে ধাম্মিকা প্রসাদ ৪৯ রানে ৩ উইকেট নিয়েছেন।

দুই বছর পর দলে ফেরাটা দারুণভাবেই উদযাপন করছেন প্রাসাদ। শুরুতেই এনামুলকে ফিরিয়ে ধাক্কাটাও দিয়েছেন তিনি। এনামুলের উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ৪৫ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোরই ইঙ্গিত দিচ্ছিলেন শামসুর ও মুমিনুল। কিন্তু ইনিংসের ১৭তম ওভারে এই জুটি ভেঙেছেন সেই প্রাসাদই। ২৫ রান করে ফিরে গেছেন শামসুর। তৃতীয় উইকেটে আবার ৪৬ রান যোগ করে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন মুমিনুল ও অধিনায়ক মুশফিকুর রহিম। দলীয় ১০৮ রানের মাথায় তাড়াহুড়া করে দুই রান নিতে গিয়ে রান আউটের ফাঁদে পড়েছেন মুমিনুল। পাঁচ ওভার পরে মুশফিকের উইকেট হারিয়ে ব্যাকফুটেই চলে যায় স্বাগতিকরা।

বাংলাদেশের ইনিংসের সেরা জুটিটা আসলে গড়ে ওঠে এর পরই। নাঈম-নাসির পঞ্চম উইকেটে ৫৪ রান যোগ করেন। তখনো মনে হচ্ছিল বাংলাদেশ ২৬০-৭০ রানই হয়তো করবে। কিন্তু স্লভ ওভারে শ্রীলঙ্কান বোলারদের মাপা বোলিং বাংলাদেশের রানের চাকাটা ঘুরতে দেয়নি। শেষ ১১ ওভারে বাংলাদেশ তুলেছে ৬১ রান।

ওয়ানডে সিরিজে বাংলাদেশের হার অবশ্য নিশ্চিত হয়ে গেছে প্রথম দুই ম্যাচের পরই। আজ হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুরুতেই টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস।

অশোভন আচরণের দায়ে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় সাকিব আল হাসানকে ছাড়াই আজ তৃতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। তাঁর পরিবর্তে দলে জায়গা পেয়েছেন নাঈম। মাশরাফি বিন মুর্তজাও থাকছেন না ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে। তাঁর জায়গায় দীর্ঘদিন পরে দলে ফিরেছেন শফিউল ইসলাম।

শ্রীলঙ্কাও মাঠে নেমেছে চার অভিজ্ঞ ক্রিকেটার কুমার সাঙ্গাকারা, তিলকারত্নে দিলশান ও মাহেলা জয়াবর্ধনে, লাসিথ মালিঙ্গাকে ছাড়া।