ওয়ানডে সিরিজ জয়ের পর তিন ম্যাচের টেস্ট সিরিজের শুরুটাও জয় দিয়েই করতে পারে অস্ট্রেলিয়া। গল টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কাকে ৩৭৯ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল সফরকারীরা। জবাবে আজ দিনের শেষে ১২০ রান সংগ্রহ করতেই ৫ উইকেট হারিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। এখনও জয়ের জন্য তাদের প্রয়োজন ২৪৯ রান। অন্যদিকে অস্ট্রেলিয়ার দরকার আর ৫ উইকেট। এই অবস্থায় রায়ান হ্যারিসের দুর্দান্ত বোলিং জয়ের স্বপ্ন বেশ ভালোভাবেই দেখাচ্ছে অস্ট্রেলিয়ানদের। এখন পর্যন্ত মাত্র ২৪ রান দিয়েই গুরুত্বপূর্ণ তিনটি উইকেট তুলে নিয়েছেন এই ডানহাতি ফাস্ট বোলার।৩৭৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ১৫ রানের মাথায় রায়ানের শিকারে পরিণত হয়ে ফিরে যান দুই লঙ্কান ওপেনার থারাঙ্গা পারানাভিতানা ও তিলকারত্নে দিলশান। খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেন নি আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। ফিরে গেছেন মাত্র ১৭ রান করে। কয়েক ওভার পরে সামারাবীরাকেও শূন্য রানে ফিরিয়েছেন মিচেল জনসন। এখন ষষ্ঠ উইকেটে ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিনশেষে লঙ্কান শিবিরে কিছুটা আশা জাগিয়ে রেখেছেন জয়াবর্ধনে (৫৭*) ও অ্যাঙ্গেলো ম্যাথিউ (৩২*)।এর আগে ছয় উইকেটে ১১৫ রান নিয়ে আজ তৃতীয় দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। শুরুর কয়েক ওভারের মধ্যেই আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান মিচেল জনসনের (৮) উইকেটটি তুলে নেন হেরাথ। অষ্টম উইকেটে ৪০ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে কিছুটা সম্মানজনক স্কোর এনে দিতে সক্ষম হন উসমান খাজা (২৬) ও রায়ান হ্যারিস (২৩)। দলীয় ১৭০ ও ১৭৮ রানের মাথায় সাজঘরে ফেরেন এই দুই ব্যাটসম্যান। এরপর শেষ উইকেটে আবার মূল্যবান ৩২টি রান যোগ করেন ট্রেন্ট কেপল্যান্ড ও নাথান লিয়ন। ১৩ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন লিয়ন। কেপল্যান্ড শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২৩ রান করে।