জয়ের পর কী ঘটেছিল
বাংলাদেশ ক্রিকেট দলকে ঘিরে ধরেছিল দুঃসহ চাপ। সেই চাপ থেকে তাদের মুক্তি দিয়েছে ইংল্যান্ডের বিপক্ষে পরশু রাতের অবিস্মরণীয় জয়।আর এই জয়ে আবার উদ্বেলিত সমর্থকেরা। ওয়েস্ট ইন্ডিজের কাছে বাজে পরাজয়ের পর যারা কদিন আগেই সাকিবদের দুয়ো দিয়েছে, তারাই এই রাতে ‘বীর ক্রিকেটার’দের এক নজর দেখার জন্য, অভিনন্দনের ফুল দেওয়ার জন্য ব্যাকুল ছিল। কিন্তু নিরাপত্তার খাতিরে তাদের এই ইচ্ছায় বাধা হয়ে দাঁড়ায় পুলিশ। সমর্থকের জোয়ার সামলাতে না পেরে পুলিশ শুরু করে বেধড়ক লাঠিপেটা।জুতা ও পাথর ছুড়ে ক্ষুব্ধ সমর্থকেরা লাঠির জবাব দেয়। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে বাংলাদেশ-ইংল্যান্ড দুই দলকেই হোটেলে ফিরতে দেরি করতে হয় তিন ঘণ্টা। আইসিসি ওই অবস্থায় ক্রিকেটারদের স্টেডিয়াম ত্যাগ নিরাপদ মনে করেনি।কিন্তু সমর্থকদের লাঠিপেটা? কেন বিলম্ব? এ নিয়ে পুলিশের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। ভেতরে ভেতরে চলছে সেই কারণ অনুসন্ধান। গতকাল পুলিশের বিভিন্ন কর্মকর্তা এই বিষয়টা নিয়েই ব্যস্ত ছিলেন।ভেন্যু চেয়ারম্যান সিরাজুদ্দীন আলমগীরের ব্যাখ্যা, ‘জয়ের পর স্টেডিয়ামের প্রবেশমুখ থেকে শুরু করে হোটেল পর্যন্ত ছিল উল্লসিত সমর্থক। ওই অবস্থায় আমরা ক্রিকেটারদের স্টেডিয়াম থেকে বের করাটা নিরাপদ মনে করিনি। কারণ, ভিড়ের মধ্য থেকে কেউ যদি স্যাবোটাজ করে একটা পাথর ছুড়ে মারত।’খেলাশেষে স্টেডিয়াম থেকে জয়োল্লাস করতে করতে বের হওয়া দর্শকেরা সাগরিকা রোডে ক্রিকেটারদের বের হওয়ার পথে দাঁড়িয়ে ছিল। আশপাশের এলাকা থেকে বের হওয়া আনন্দ মিছিলগুলোর গন্তব্যও ছিল স্টেডিয়াম। প্রচণ্ড ভিড়ের কারণে একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হিমশিম খেয়ে লাঠিপেটা শুরু করে এবং রুদ্ধ হয় ক্রিকেটারদের বের হওয়ার পথ।তবে সমর্থকদের অন্য কোনো পন্থায় শান্ত করার চেষ্টা না করে কেন খেপিয়ে তোলা হলো? প্রয়োজনে মাইক লাগিয়ে সমর্থকদের উল্লাসে সংযত থাকতে বলা যেত বলেও অনেকে মন্তব্য করেন। আগে থেকে এত হাঁকডাক দেওয়ার পরও পুলিশ কি শেষ পর্যন্ত ব্যবস্থাপনায় ব্যর্থ? এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের পুলিশ কমিশনার মো. আবুল কাসেম বলেন, ‘সারা দিন এ বিষয়টা নিয়ে আমি অনেককে জবাব দিয়েছি। এটা জানতে হলে আপনি পিআর সেকশনে কথা বলেন।’তবে ভেতরের খবর, ঢাকা থেকে বিষয়টা নিয়ে চট্টগ্রাম নগর পুলিশের কাছে কৈফিয়ত চাওয়া হয়েছে।