জয়ের পরও খুশি নন ক্যাপেলো
প্রীতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার লিগ দল প্লাটিনাম স্টারসকে গতকাল সোমবার ৩-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। তার পরও সন্তুষ্ট নন কোচ ফ্যাবিও ক্যাপেলো। খেলার প্রথমার্ধে ফুটবলারদের পারফরম্যান্সে খুশি হতে পারছেন না তিনি।মাত্র তিন মিনিটের মধ্যেই জারমেন ডিফো গোল করে এগিয়ে দেন ইংল্যান্ডকে। তবে প্রথমার্ধের বাকি সময়ে সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি ইংল্যান্ডের ফুটবলারেরা। পেনাল্টি মিস না করলে প্রধমার্ধে খেলায় সমতা আনতে পারত প্লাটিনাম স্টারস। দ্বিতীয়ার্ধে অবশ্য নিজেদের আসল খেলায় ফিরে আসে ইংল্যান্ড দল। প্রথমার্ধে রুনিকে মাঠে নামাননি ক্যাপেলো। দ্বিতীয়ার্ধে নেমে ওয়েইন রুনি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। আর দলের তৃতীয় ও শেষ গোলটি করেন জো কোল। পুরো ৯০ মিনিট ধরে খেলেন ইংল্যান্ডের এই মিডফিল্ডার।খেলার ফল নিয়ে আপত্তি না থাকলেও ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে আপত্তি আছে কোচ ফ্যাবিও ক্যাপেলোর। এদিন ইংল্যান্ডের হয়ে প্রথম গোল করা ডিফো রয়টার্সের কাছে ম্যাচ শেষে বিষয়টি স্বীকার করে বলছেন, ‘সত্যি কথা বলতে কী, প্রথমার্ধে আমাদের পারফরম্যান্সে ম্যানেজার সন্তুষ্ট নন। আমাদের আরও ভালো করা উচিত ছিল। কিন্তু কন্ডিশনের কারণে পারিনি।’ ক্যাপেলোর প্রশংসা করে ইংল্যান্ডের এই স্ট্রাইকার বলছেন, ‘তাঁর মতো ম্যানেজারের তুলনা হয় না। তিনি আমাদের কাছে কেবল একটি জিনিসই চান। আর তা হলো জয়।’