প্রথম ইনিংসে ৮৮ কিংবা তারও কম রান করে টেস্ট জয়ের ইতিহাস অস্ট্রেলিয়ার আছে। তবে সেই ইতিহাসে ১২৮ বছরের ধুলো। দুর্গম এই জয় পেলে অস্ট্রেলিয়াই হবে ১০০ বছরের মধ্যে প্রথম দল, যারা প্রথম ইনিংসে ৮৮ কিংবা তারও কম রান করে টেস্ট জিতবে।দুর্গম এক ইতিহাসের পুনরাবৃত্তির হাতছানি নিয়েই কাল তৃতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। আর পাকিস্তানের সামনে ছিল ১৫ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ের হাতছানি। তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার ইতিহাস গড়ার সম্ভাবনা দূরের বাতিঘর বলেই মনে হচ্ছে, পাকিস্তানের জয়ের সম্ভাবনাটাকেই মনে হচ্ছিল উজ্জ্বল। টেস্টের আরও দু দিন বাকি। পাকিস্তানের হাতে আছে সাত-সাতটি উইকেট। জয়ের জন্য মাত্র ৪০ রান প্রয়োজন তাদের। প্রথম ইনিংসের ৮৮ রানের পর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ৩৪৯ রানে। ১৭৯ রানের লিড পেয়েছিল তারা। কোনো তাড়াহুড়ো না করেই ছোট এই লক্ষ্যের দিকে এগোতে শুরু করে পাকিস্তান। দিনের খেলা শেষ করেছে তারা ৩ উইকেটে ১৪০ রান তুলে।২৭ রান তুলতেই অধিনায়ক সালমান বাটকে (১৩) হারিয়ে ফেলেছিল পাকিস্তান। ধাক্কাটা দিয়েছিলেন হিলফেনহস। এর পর ১১০ রানের জুটি গড়ে ধাক্কা সামলান ইমরান ফারহাত (৬৭) ও আজহার আলী। দলকে ১৩৭ রানে রেখে ফারহাত আর উমর আমিন ফিরে যান। আজহার আলীর (৪৭*) সঙ্গে জুটি বেঁধেছেন উমর আকমল (২*)।এর আগে অস্ট্রেলিয়াকে বড় লজ্জার হাত থেকে রক্ষা করেছেন স্টিভ স্মিথ। ১৬৪ রানের মধ্যে ৫ উইকেট হারানোর পরও যে অস্ট্রেলিয়া ৩৪৯ রান তুলতে পেরেছে, তা স্মিথের কল্যাণেই। শুধু নামে নয়, স্টিভের মিল খুঁজে পাওয়া যাচ্ছে সেই লড়াকু মানসিকতায়, শেষ না হওয়া পর্যন্ত ‘শেষ’ না-মানার দৃঢ়তায়। অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেট কাল হেডিংলিতে সদম্ভে ঘোষণা করল আরেক ‘স্টিভ’-এর আগমনবার্তা। ‘ওয়াহ’ পদবি নেই তাঁর, কিন্তু স্টিভ ওয়াহর মতোই প্রতিকূল স্রোতে লড়াই করে ২১ বছর বয়সী তরুণ স্টিভ স্মিথ অস্ট্রেলিয়াকে দাঁড় করিয়ে দিয়েছিলেন ইতিহাসের সামনে।৮ নম্বরে যখন ব্যাট করতে নামেন, অস্ট্রেলিয়ার স্কোর ২১৭/৬। লিড মাত্র ৪৭ রানের। হাতে ৪ উইকেট। ১৯৯৫ সালের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট জয়ের স্বপ্ন আরও জমাট বেঁধেছে পাকিস্তানের। যে অস্ট্রেলিয়ার বিপক্ষে গত ১৩ টেস্টের প্রতিটিই হেরেছে পাকিস্তান। এর মধ্যে সবচেয়ে কাছাকাছি গিয়েছিল গত জানুয়ারির সিডনি টেস্টে। ওই টেস্টে ২০৬ রানের লিড পেয়ে ১৭৬ রানের মামুলি লক্ষ্য তাড়া করে ম্যাচটা জিততে পারেনি পাকিস্তান।এবার হয়তো সেই অধরা জয়টাকে পেয়ে যেতে পারে পাকিস্তান। তবে অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত জিতুক আর না-ই জিতুক, এই ম্যাচ দিয়ে আগামী অ্যাশেজেও জায়গাটা হয়তো পাকাই করে ফেললেন স্মিথ। উদীয়মান এই অলরাউন্ডারের কথা খোদ স্টিভ ওয়াহই বড় মুখে বেশ কিছুদিন ধরে বলে যাচ্ছেন। এমনও মন্তব্য করেছেন, গত দুই দশকে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা প্রতিভা স্মিথ। সবচেয়ে পরিপূর্ণ এক ক্রিকেটার। কাল ৭৭ রানের ইনিংসটা খেলে ওয়াহর কথাটাকে যৌক্তিক প্রমাণের শুরুটা তো অন্তত করে দিলেন।সারা দিন ধরে পাকিস্তানি বোলারদের সামনে জবুথবু হয়ে ছিল অস্ট্রেলিয়া। চুইংগাম চিবুতে চিবুতে অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের নিয়ে ছেলেখেলাই যেন করছিলেন মোহাম্মদ আমির। তখন স্মিথ দাঁড়িয়ে গিয়েছিলেন স্রোতের বিপরীতে।