জয়ের বিজেএমসির আশাভঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাদার ফুটবল লিগের মূল পর্বে খেলতে বিজেএমসির আবেদনে সাড়া দেয়নি বাফুফে। মূল পর্ব নয়, বাফুফে চাইছে পেশাদার লিগের দ্বিতীয় স্তরে খেলুক বিজেএমসি। এই পর্বে চ্যাম্পিয়ন অথবা রানার্সআপ দল মূল পর্বে খেলার সুযোগ পাবে।পেশাদার লিগের দ্বিতীয় স্তর এ বছর চালু হচ্ছে, এটা আগের খবর। সম্প্রতি আগ্রহী ১৪টি ক্লাবের সাক্ষাৎকারও নেওয়া হয়েছে। তারই ভিত্তিতে কাল সভায় বসে আটটি দলকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লিগ কমিটি।এর মধ্যে চারটি দল পেশাদার লিগ থেকে অবনমিত—চট্টগ্রাম আবাহনী, চট্টগ্রাম মোহামেডান, নারায়ণগঞ্জ শুকতারা ও সিলেট বিয়ানীবাজার। বাকি চার দল—বিজেএমসি, ভিক্টোরিয়া, অগ্রণী ব্যাংক ও কক্সবাজার সিটি ক্লাব। এই আট ক্লাবের কারও খেলা না হলে বিকল্প থাকছে উত্তর বারিধারা ও ওয়ারী ক্লাব।বিজেএমসি দ্বিতীয় স্তরে খেলবে না বলেই মনে হচ্ছে। বিজেএমসির পরিচালক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয় লিগ কমিটির সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন, ‘আমাদের তো দ্বিতীয় স্তরে দেওয়ার কথা নয়। বাফুফের সঙ্গে এ নিয়ে কথা বলতে হবে।’আশাহত জয় যোগ করেছেন, ‘আমরা আলফাজ, আবুল, পারভেজ, রমজান, রনি ইসলাম, গোলরক্ষক সোহেল, নেহাল, খোকন দাস, আশরাফুল, শরিফের (আরামবাগ) মতো খেলোয়াড় নিয়েছি, তারা তো দ্বিতীয় স্তরে খেলবে না।’সভার পর সভা করে গেলেও কর্তাব্যক্তিরা এখনো লিগের সময়টাই ঠিক করতে পারেননি। দলবদলেরও একই অবস্থা। দল ঠিক করতেই বছর পার। তারিখ ঠিক করতে না কত দিন লাগে!