জয়ের ব্যবধানটা ন্যূনতম হলেও আনন্দদায়ক: ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিটা ছিল মাত্র ১৮৯ রানের। কিন্তু দিনশেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক রানের দুর্দান্ত জয়। স্বভাবতই দারুণ খুশি ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই ম্যাচটা হেরে গেলেই যে ওয়ানডে সিরিজ জয়ের রাস্তাটা কঠিন হয়ে যেত। তাই অনন্য এই জয় ধোনির বুকের পাষাণভারটা যে অনেকখানি কমিয়ে দিয়েছে, তার প্রমাণ ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ভালোমতোই বুঝিয়ে দিলেন তিনি।‘ব্যাটিং আবারও ব্যর্থ। এর পরও বোলারদের চমত্কার পারফরম্যান্স আমাদের ম্যাচটা জিতিয়েছে। জয়ের ব্যবধানটা ন্যূনতম হলেও আনন্দদায়ক।’ ম্যাচ-উত্তর সংবাদ সম্মেলনে এভাবেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অধিনায়ক ধোনি।জয়ের নায়ক মুনাফ প্যাটেলের প্রশংসা বারবারই ঝড়ে পড়ছিল ধোনির কণ্ঠে। দারুণ ফর্মে থাকা হাশিম আমলা ও গ্রায়েম স্মিথের উইকেট দুটো তুলে নিয়ে মুনাফই ভারতকে এনে দিয়েছেন সিরিজে ফেরার এই জয়। মুনাফের সংগ্রহ ৪ উইকেট। জহির খানও ২ উইকেট নিয়ে মুনাফের সঙ্গে ভারতের এই জয়-কাব্যের অন্যতম নায়ক।‘বোলাররা আমাদের সিরিজে ফিরিয়েছে। গুরুত্বপূর্ণ সময়ে হাশিম আমলার উইকেটটি তুলে নিয়ে মুনাফই এই জয়ের নায়ক। ওর স্পেলটা ছিল দুর্দান্ত। সবসময়ই উইকেট টু উইকেট বল করে সে প্রোটিয়া ব্যাটসম্যানদের রান তুলতে দেয়নি। বলেও ছিল অসম্ভব বৈচিত্র্য।ধোনি মুনাফের প্রশংসায় পঞ্চমুখ হলেও অফ-স্পিনার হরভজন সিংয়ের প্রশংসা করতে ভোলেননি। ‘ভাজ্জির ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। দক্ষিণ আফ্রিকার ইনিংসের মাঝামাঝি সময়ে সে খুবই চমত্কার বল করেছে। হরভজনের ওভারগুলোতেই খেলা অনেকটাই আমাদের দিকে ঝুঁকে পড়ে।’ ধোনির অভিমত।ব্যাটিংয়ে বলার মতো কিছু না থাকলেও যুবরাজ সিংয়ের পিঠ চাপড়ে দিয়েছেন ধোনি। বলেছেন, ‘যুবরাজের ভূমিকাটা ভারতীয় দলের ব্যাটিং লাইনআপে খুবই গুরুত্বপূর্ণ। সে অনেক আগে থেকেই দলের একজন প্রয়োজনীয় অলরাউন্ডার।’ যুবরাজের ফর্মে থাকাটাও যে দলের জন্য প্রয়োজনীয় সেটা এক ফাঁকে বলে দিয়েছেন তিনি। তাঁর সঙ্গে যুবরাজের ৮৩ রানের জুঁটিটি যে খুবই গুরুত্বপূর্ণ ছিল তা মানছেন ধোনি নিজেও। ষাট বলে দক্ষিণ আফ্রিকার যখন মাত্র ১২ রানের প্রয়োজন, ঠিক সময়টাতেই ধোনি বল তুলে দেন পার্টটাইম বোলার সুরেশ রায়নার হাতে। তাঁর এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে ধোনি বলেছেন, ‘ওটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত ছিল। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের স্পিনে দুর্বলতা দেখেই আমি রায়নার হাতে বল তুলে দিই। ঠিক ওই সময়টাতে আমার মনে হয়েছে একজন স্পিনার বল করলে দক্ষিণ আফ্রিকার দুটো উইকেটের পতন ঘটলেও ঘটতে পারে।’দক্ষিণ আফ্রিকাকে বিশ্ব ক্রিকেটে ‘চোকার’ হিসেবে অভিহিত করা হয়। ধোনিও মনে করেন, এই পরাজয়টি বেশকিছুদিন দক্ষিণ আফ্রিকাকে তাড়া করে বেড়াবে। এমন পরাজয় তাঁদের চোকার তকমাকে আরও বেশি করে প্রতিষ্ঠিত করবে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে একটি জায়গায় নিজেদের মিল খুঁজে পেয়েছেন ভারত অধিনায়ক। কৌতুক করেই বলেছেন যেকোনো ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে ভারত একই কাজ করে। চাপে ভেঙে পড়ে। সেদিক দিয়ে দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমাদের মিল রয়েছে।’ পিটিআই।