জয়ের মুখ দেখল দোলেশ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবনমন একরকম নিশ্চিতই বলা যায়। তবে প্রিমিয়ার লিগ থেকে একটা সান্ত্বনাও কাল পেল নবাগত প্রাইম দোলেশ্বর। কলাবাগানকে ৪ উইকেটে হারিয়ে দেখা পেল প্রথম জয়ের। এর আগে তাদের একমাত্র পয়েন্টটি ছিল মোহামেডানের সঙ্গে ‘টাই’ করে।ফতুল্লায় দোলেশ্বর অঘটন ঘটালেও বিকেএসপিতে ওরিয়েন্ট সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত পারেনি। লোয়ার-মিডল অর্ডারের চেষ্টার পরও বিমানের কাছে হারতে হয়েছে ১২ রানে। ১০ ম্যাচে বিমানের এটি ষষ্ঠ জয়, ওরিয়েন্টের নবম পরাজয়।মাঝে দুই ম্যাচের বিরতি দিয়ে লিগে ষষ্ঠ ফিফটি করেছেন বিমান অধিনায়ক মুশফিকুর রহিম। শেষ ওভারে আউট হওয়ার আগে ১০১ বলে করেছেন ৮৭ (৫টি চার ও ১টি ছয়)। মোশাররফের সঙ্গে ষষ্ঠ উইকেটে তাঁর ৯৬ রানের জুটিটিই বিমানকে ৮ উইকেটে ২৩৭ রানে নিয়ে যায়। জবাবে ওরিয়েন্ট ১৪৩ রানে ৭ উইকেট হারিয়ে ফেলার পর অবিচ্ছিন্ন অষ্টম উইকেট জুটিতে আহসানুল ও রেজা যোগ করেন ৮২ রান।ফতুল্লায় কলাবাগানের সবচেয়ে নামী ব্যাটসম্যান রকিবুল মাত্র ৭ রানে আউট। ওয়াজিদ আলীর অপরাজিত ৮৯ রানের পরও তাই ১৯৪ রানে অলআউট কলাবাগান। যেটি টপকে যেতে প্রাইম দোলেশ্বরের কাউকে ফিফটিও করতে হয়নি।