কোনো চিৎকার-চেঁচামেচি নেই। গালাগাল বর্ষণ নেই। ম্যাচের পর গোটা দলে স্বস্তির হাওয়া। মোহামেডান কি তাহলে বদলে গেল?টানা দুই ম্যাচ জয় সেই ইঙ্গিতই দিচ্ছে। রহমতগঞ্জের পর আরামবাগ। ৪-০-এর পর ৩-১। মোহামেডান আগে সাত ম্যাচে গোল করেছে সাকল্যে ছয়টি। গত দুটি ম্যাচেই হলো ৭ গোল!আরও তাৎপর্যপূর্ণ, এবারের বাংলাদেশ লিগে এই প্রথম টানা দুই ম্যাচ জিতল সাদা-কালোরা। নয় ম্যাচে তৃতীয় জয়। ড্র তিনটি। ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে মোহামেডান উঠে এল চারে! ওপরে আছে আবাহনী (২৩), মুক্তিযোদ্ধা (২০) ও বিজেএমসি (১৩)। কদিন আগেও হাসিঠাট্টার উপলক্ষে পরিণত হওয়া মোহামেডান হঠাৎ সমীহ কাড়ছে।ফেনী সকারের কাছে হেরে মোহামেডানের মানমর্যাদা নিয়ে টান পড়েছিল ভালোই। ওই হারে পয়েন্ট তালিকায় ১১ দলে দশে চলে যায় দলটি। টানা দুটি জয় এমেকার দলকে অবনমন অঞ্চল থেকেও আপাত বের করে এনেছে। এখন তারা ৯ ম্যাচে ১১ পয়েন্ট পাওয়া বড় বাজেটের শেখ রাসেলেরও ওপরে! মোহামেডানের কাল সুবিধা হয়েছে আরামবাগের প্রধান দুই বিদেশি খেলতে না পারায়। মোজেস ও কিংসলে হলুদ কার্ডের কারণে খেলতে পারেননি। বিদেশি খেলোয়াড়দের নিয়ে আরামবাগে অস্থিরতাও চলছে। কদিন আগে দুই বিদেশি গভীর রাতে রাস্তায় পুলিশের সঙ্গে গোলমাল পাকিয়ে এক দিন ‘জেল’ও খেটে এসেছেন!আরামবাগ গত ম্যাচটায় বিজেএমসির কাছে পাঁচ গোলে বিধ্বস্ত হয়েছিল। কাল মোহামেডানের বিপক্ষেও দাঁড়াতে পারেনি। ৯ ম্যাচে ৮ পয়েন্ট। তরুণ কোচ জাহিদুর রহমানকে অসহায় দেখাল ম্যাচের পর। অন্যদিকে মোহামেডানের ‘বিদেশিরা চলে না’ অপবাদ থেকে নিজেকে আরও এক ধাপ মুক্ত করলেন স্ট্রাইকার উইলকক্স। গত ম্যাচের মতো কালও তাঁর দুটি গোল। মোহামেডানের অন্য বিদেশিরাও আগের তুলনায় বাড়তি শ্রম দিচ্ছেন।প্রথম পর্ব শেষে মোহামেডান নতুন বিদেশি নিতে চায়। বর্তমান বিদেশিদের কি তাহলে বিদায়? কোচ এমেকা বললেন, ‘প্রথম পর্ব শেষ হোক। এখন আমরা শুধু পরের ম্যাচটা নিয়ে ভাবছি।’ ভাবভঙ্গিতে বোঝা যাচ্ছে, টানা দুই জয় এমেকার মনের জোর বাড়িয়েছে। কাল গোলের জন্য অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। পেনাল্টি থেকে মোহামেডানকে এগিয়ে নেন উইলকক্স। আরামবাগের দুই ডিফেন্ডারকে অনায়াসে শরীরের দোলায় ছিটকে উইলকক্সেরই কল্যাণে ২-০। ৩-০ করেন ওয়াহেদ। অতিরিক্ত সময়ে পেনাল্টিতে গোল শোধ করেন আরামবাগের জোয়েল। দুই পেনাল্টি ও এক লাল কার্ডের ম্যাচের শেষ মিনিটে লাল কার্ড দেখেছেন আরামবাগের ডিফেন্ডার প্রশান্ত।