জয়ের সমান ড্র ইংল্যান্ডের
দুটি দল, পাঁচটি দিন, হাড্ডাহাড্ডি লড়াই, রোলার কোস্টারের মতো উত্থান-পতন, শেষ বল পর্যন্ত দম বন্ধ করা উত্তেজনা, শেষ পর্যন্ত জয়ী নয় কোনো দলই। বহু ব্যবহারে ক্লিশে হয়ে যাওয়া কথাটিই বলতে হচ্ছে আরেকবার—ক্রিকেট তার সব রোমাঞ্চ নিয়ে হাজির ইডেন পার্কে। টেস্ট ম্যাচের পরতে পরতেও যে কত রোমাঞ্চ থাকতে পারে, ড্র ম্যাচও যে কতটা নাটকীয় হতে পারে, সেটাই দেখা গেল অকল্যান্ডে। টেস্ট র্যাঙ্কিংয়ের দুই নম্বর দলের সঙ্গে আট নম্বর দলের ধ্রুপদি লড়াই হয়ে থাকল টেস্ট ক্রিকেটের দারুণ এক বিজ্ঞাপন।ট্রেন্ট বোল্টের করা ম্যাচের শেষ বলটি ঠেকিয়েই দুই হাত ওপরে ছুড়লেন ম্যাট প্রায়র। আটে নামা উইকেটকিপার-ব্যাটসম্যানের ব্যাটিং বীরত্বেই ইংল্যান্ডের এই জয়ের সমান ড্র। ইংল্যান্ডের ড্রেসিংরুমে তখন আনন্দের জোয়ার। ইয়ান বেল, জেমস অ্যান্ডারসন থেকে শুরু করে ব্যাটিং কোচ গ্রাহাম গুচ—চওড়া হাসিতে পরস্পরের আলিঙ্গনে সবাই। টুকরা টুকরা ছবিগুলোও যেন আরেকবার মনে করিয়ে দিল ক্রিকেট সবাইকে সমতায় ফিরিয়ে আনে। সিরিজে যারা ছিল পরিষ্কার ফেবারিট, ৩-০ ছাড়া অন্য কোনো ফল যাদের জন্য মনে করা হচ্ছিল ব্যর্থতা, সেই ইংল্যান্ডই কেমন ০-০-তে সিরিজ ড্র করতে পেরেই আনন্দে উদ্বেল। প্রবল পরাক্রমশালীরা যে আরেকটু হলে সিরিজটাই হারতে বসেছিল!আলিঙ্গন, পরস্পর পিঠ চাপড়ে দেওয়া চলছিল নিউজিল্যান্ড শিবিরেও। কিন্তু সেটার মাঝেও কোথায় যেন বিষাদের ছোঁয়া। হাতের মুঠো থেকে যে ফসকে গেল ইতিহাস! মওকামতো পেয়েও ২৯ বছর পর দেশের মাটিতে ইংলিশদের বিপক্ষে জেতা হলো না সিরিজ। অবশ্য সিরিজ শুরুর আগে বললে ০-০ ফলটাই লুফে নিত কিউইরা। কিন্তু এই ফলই এখন বেদনার রং ছড়াচ্ছে ম্যাককালামদের মনে।৪ উইকেট তুলে নিয়ে জয়ের পথ আগের দিনই অনেকটা পরিষ্কার করে রেখেছিল নিউজিল্যান্ড। কিন্তু কাল নিতে পারল না ছয়টি উইকেট। ভাগ্যটাও ঠিক পক্ষে ছিল না তাদের। নিল ওয়াগনারের বল প্রায়রের হাতে লেগে হেলমেটে গুঁতো খেয়ে স্টাম্পে বেশ জোরেশোরেই ধাক্কা খেল, কিন্তু পড়ল না বেল। এই প্রায়র আরও দুবার বেঁচে গেছেন রিভিউয়ে। সেই তিনিই নায়ক অপরাজিত ১১০ রান করে। পার্শ্বনায়ক আছেন বেশ কয়েকজন। ৭৫ রানের ইনিংসটা খেলতে প্রায় ছয় ঘণ্টা উইকেট আঁকড়েছেন ইয়ান বেল। সহজাত আক্রমণাত্মক প্রবৃত্তি দূরে ঠেলে স্টুয়ার্ট ব্রড ৬ রান করেছেন ১৩৭ মিনিটে, রানের খাতা খুলেছেন ৬২ বলে! আর শেষ বিকেলে ভীষণ গুরুত্বপূর্ণ ৫টি বল খেলেছেন ১১ নম্বর ব্যাটসম্যান পানেসার।কাল প্রথম উইকেট পেয়েছে নিউজিল্যান্ড লাঞ্চের মিনিট পাঁচেক আগে। দ্বিতীয় নতুন বলের প্রথম বলেই জো রুটকে ফিরিয়ে ৬০ রানের জুটি ভাঙেন বোল্ট। লাঞ্চের পর মিনিট পাঁচেকের মধ্যে বিদায় নেন জনি বেয়ারস্টো। সপ্তম উইকেটে বেল ও প্রায়র ৭৮ রানের জুটি গড়েন প্রায় ২৫ ওভারে। চা-বিরতির আগের ওভারে সাউদির দুর্দান্ত ক্যাচে যখন ফিরলেন বেল, কিউইদের জয়টাকে মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু অষ্টম উইকেটে ব্রডকে নিয়ে ২৯ ওভার কাটিয়ে দিলেন প্রায়র।খেলার ৪ ওভার বাকি থাকতেও যখন ৩ উইকেট হাতে, ইংল্যান্ডকে মনে হচ্ছিল নিরাপদ। হুট করেই উইলিয়ামসনকে আক্রমণে আনলেন ম্যাককালাম। ওই ওভারেই দুই উইকেট নিয়ে ম্যাচের রং আবার পাল্টে দিলেন তরুণ অলরাউন্ডার। কিন্তু শেষ ১৯টি বল কাটিয়ে দিল প্রায়র-পানেসারের শেষ জুটি। সারা দিনে ৯০.৫ ওভারে ২২৫, এ সময়ের ক্রিকেটের সঙ্গে বড্ড বেমানান। তবে প্রায়র কিন্তু নিজের মতোই খেলে সেঞ্চুরি ছুঁয়েছেন ১৪৮ বলে। শেষের আগের ওভারে দমবন্ধ চাপেও মেরেছেন দুটো চার। ম্যাচ শেষে বললেন দুর্দান্ত এক কথাও, ‘আমি সাধারণ ড্র উদ্যাপন করি না। কিন্তু এই ড্র অসাধারণ, অবিশ্বাস্য, অভাবনীয়। এই ড্র জয়ের সমান।’ ওয়েবসাইট।