জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া
পার্থ টেস্টের তৃতীয় দিনেই জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ৩৯১ রানের লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ইংল্যান্ড। দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৮১ রান। কিন্তু বিদায় নিয়েছেন পাঁচজন ব্যাটসম্যান! ইংল্যান্ডের প্রয়োজন আরও ৩১০ রান, হাতে রয়েছে মাত্র পাঁচটি উইকেট। অসি বোলাররা যেভাবে বিধ্বংসী হয়ে উঠেছেন, নাটকীয় ঘটনা না ঘটলে ইংল্যান্ডের হার সময়ের ব্যাপার মাত্র।তিন উইকেটে ১১৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। আগের দিন ৬১ রানে অপরাজিত থাকা শেন ওয়াটসন আউট হন ব্যক্তিগত ৯৫ রানে। মাইক হাসিকে অবশ্য সেঞ্চুরি মিসের হতাশা নিয়ে ফিরতে হয়নি। ট্রিমলেটের শিকারে পরিণত হওয়ার আগে এই ব্যাটসম্যান করেন ১১৬ রান। স্টিফেন স্মিথের ৩৬ রানের ইনিংস বাদ দিলে বাকি ব্যাটসম্যানরা চরমভাবে ব্যর্থ হয়েছেন। একপর্যায়ে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস থেমে যায় ৩০৯ রানে। ইংল্যান্ডের হয়ে ট্রিমলেট পাঁচটি ও ফিন তিনটি উইকেট শিকার করেন।জয়ের জন্য ইংল্যান্ডের রানের প্রয়োজন হয় ৩৯১। প্রথম ইনিংসে মাত্র ১৮৭ রানে অলআউট হওয়া দলের জন্য এ রান তোলা নিঃসন্দেহে কঠিন। কিন্তু অবস্থাটা কঠিন থেকে কঠিনতর করে তুলেছেন অসি বোলাররা। ২৩ রানে প্রথম উইকেটের পতন, আর ৮১ রানে পাঁচ উইকেট নেই ইংল্যান্ডের। অস্ট্রেলিয়ার হয়ে হ্যারিস ও জনসন দুটি করে এবং হিলফেনহস একটি উইকেট শিকার করেন। ব্যাকফুটে থাকা ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ইনিংসটাকে কত দূর নিয়ে যেতে পারেন, এটাই এখন দেখার অপেক্ষা। ক্রিকইনফো।