ওয়েস্ট ইন্ডিজ কি আগের ম্যাচের ভাগ্যই বরণ করেছে, নাকি ৭ ম্যাচ পর জিতেছে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে? পাঠক হয়তো ইতিমধ্যে জেনে গেছেন ম্যাচের ফল। জেতার পথেই ছিল স্বাগতিকেরা। ১১৪ রানে ভারতের ৬ উইকেট তুলেও নিয়েছে তারা। তবু প্রশ্নবোধক চিহ্নটার কারণ রোহিত শর্মা। আগের ম্যাচে ৯২ রানে সফরকারীদের ৬ উইকেট তুলে নিয়েও হেরেছিল স্বাগতিকেরা। ওই ম্যাচে অসাধারণ ব্যাট করা রোহিত শর্মা কালও কাঁটা হয়ে আটকে আছেন ক্যারিবিয়ানদের গলায়, ব্যাট করছেন ৩৭ রানে। ভারতের স্কোর ৩০ ওভারে ১২০/৬।এর আগে কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে কাইরন পোলার্ডের সর্বোচ্চ রান (৭০), লেন্ডল সিমন্সের আট ইনিংসে ষষ্ঠ ফিফটি, আন্দ্রে রাসেলের ক্যামিও ইনিংস ও কার্লটন বাফের দৃঢ়তায় এ মৌসুমের সর্বোচ্চ ২৪৯ করে স্বাগতিকেরা। তবে শুরুটা ঠিক আগের ম্যাচের মতোই। টানা চতুর্থ ম্যাচেও প্রথমে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ প্রথম উইকেট হারায় দ্বিতীয় ওভারেই। প্রথম তিন ওভারই মেডেন নিয়েছেন ৩ উইকেট পাওয়া প্রাভিন কুমার। পাল্টা আক্রমণের চেষ্টা করেছিলেন লেন্ডল সিমন্স, ইশান্তের এক ওভারে চার-ছয় মেরেছেন, অমিত মিশ্রকে স্বাগত জানিয়েছেন দুটি ছয়ে।তবে মিশ্র ফিরে এসেছেন দারুণভাবে। পরের ৫ ওভারের ৩টিই মেডেন, ফিরিয়ে দিয়েছেন ব্রাভো ও স্যামুয়েলসকেও। এরপর সিমন্স প্রায় অসম্ভব এক রান নিতে গিয়ে রানআউট, ১০৩/৫। এরপর স্বভাববিরুদ্ধ দায়িত্বশীল একটি ইনিংস খেলে পোলার্ড দলকে নিয়ে যান ভালো অবস্থানে। বাফকে সঙ্গী করে ৯৬ রানের জুটি গড়েন, যেখানে ৬৪-ই ছিল তাঁর। ৭২ বলে ৭০ করা পোলার্ডের ইনিংসে মাত্র ৬টি চার ও ২টি ছক্কা ছিল। ওয়েবসাইট।