জয়ের সুবাস পাচ্ছে নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম্বো টেস্টের আরও এক দিন বাকি। তবে এখনই জয়ের সুবাস পাচ্ছে সফরকারী নিউজিল্যান্ড। কাল বৃহস্পতিবার টেস্টের শেষ দিনে জয় পেতে কিউইদের প্রয়োজন মাত্র ছয়টি উইকেট। অন্যদিকে, স্বাগতিক শ্রীলঙ্কার প্রয়োজন ৩১৬ রান।জয় পেতে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৩৬৩ রান। কঠিন এই লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারিয়ে ম্যাচটা নিজেদের জন্য কঠিনতর করে তুলেছে লঙ্কানরা। আজ বুধবার টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৪৭ রান। থিলান সামারাবিরা ও অ্যাঞ্জেলো ম্যাথুস প্রত্যেকে ১ রান নিয়ে অপরাজিত আছেন।লঙ্কানদের এই সংগ্রহই ইঙ্গিত দেয়, কাল কোনো ব্যাটসম্যান অবিশ্বাস্য কিছু করে না ফেললে ম্যাচটি যাবে নিউজিল্যান্ডের ঘরে। প্রথম ইনিংসে ৬ উইকেটে ২২৫ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। আগের দিন ৭৬ রানে অপরাজিত থাকা সামারাবিরা কোনো রানের দেখা পাওয়ার আগেই সাজঘরে ফেরেন। ৩৪ রানে থাকা রনদিভ ফেরেন দলীয় সংগ্রহে ৫ রান যোগ করে। একপর্যায়ে ২৪৪ রানে থেমে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস।কেন উইলিয়ামসন ও ব্রেন্ডন টেইলরের সেঞ্চুরির ওপর ভর করে প্রথম ইনিংসে ৪১২ রান করেছিল নিউজিল্যান্ড। তবে আজ নিজেদের দ্বিতীয় ইনিংসটা বেশি দূর নিয়ে যেতে পারেননি কিউই ব্যাটসম্যানরা। ৯ উইকেটে ১৯৪ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন অধিনায়ক টেইলর। ব্রেন্ডন ম্যাককালাম ও টোড অ্যাস্টল প্রত্যেকে ৩৫ রান করেন। প্রথম ইনিংসে ছয় উইকেট শিকারি রঙ্গনা হেরাথ তিনটি উইকেট নেন। কুলাসেকারা ও রনদিভ নেন দুটি করে উইকেট।দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ৩৬৩ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম বলেই পারানাভিতানার উইকেট হারায় শ্রীলঙ্কা। দলীয় ৩৫ রানে ফেরেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান তিলকরত্নে দিলশান (১৪)। একপর্যায়ে দলীয় ৪৬ রানে চারটি উইকেট হারায় শ্রীলঙ্কা। দুটি করে উইকেট নিয়েছেন টিম সাউদি ও ডগ ব্রেসওয়েল। সূত্র: ক্রিকইনফো।