জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ
সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের করা ২৬৯ রানের জবাবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৩০ ওভারে ১৩৯ রান। এরই মধ্যে সাজঘরে ফিরেছেন স্বাগতিক দলের সাতজন ব্যাটসম্যান। শিঙ্গি মাসাকাদজা ২৬ ও ম্যালকম ওয়ালার ১৮ রানে অপরাজিত আছেন।জিম্বাবুয়ের উইকেট পতনের ধারাটা শুরু দলীয় ৪ রানে। শফিউল ইসলামের শিকার হয়ে সাজঘরে ফেরেন রেজিস চাকাবা (১)। ১৩ রানের মাথায় সিকান্দার রাজাকেও (৩) ফেরান শফিউল। তৃতীয় উইকেটে ৬৫ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামলে নেন হ্যামিলটন মাসাকাদজা ও ব্রেন্ডন টেলর। তবে এই দুই ব্যাটসম্যানের বিদায়ের পর পথ হারিয়েছে জিম্বাবুয়ে।৩৩ রান করা টেলরকে ফেরান আবদুর রাজ্জাক। ব্যক্তিগত ১০ রানে রানআউট হন সিন উইলিয়ামস। দলীয় সংগ্রহ তখন ৯৩ রান। ম্যাচের ২০তম ওভারে হ্যামিলটন মাসাকাদজা (৩৮) ও এলটন চিগুম্বুরাকে (০) সাজঘরমুখী করেন জিয়াউর রহমান। নিজের পরের ওভারে বল করতে এসে জিয়াউর ফেরান প্রসপার উতসেয়াকে (০)। তখনও জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৯৩ রান।এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন নাসির হোসেন। দলীয় ৯৪ রানের মধ্যে চারটি উইকেট হারায় বাংলাদেশ। সেই বিপর্যয় কাটে পঞ্চম উইকেটে মমিনুল-নাসিরের ৭৬ রানের জুটিতে। দলীয় ১৭০ রানে সাজঘরে ফেরেন ব্যক্তিগত ৩৮ রানে থাকা মমিনুল হন। ৬৮ রান করা নাসির হোসেন যখন ফেরেন, তখন দলীয় সংগ্রহ ২১৪। বাংলাদেশের ‘চ্যালেঞ্জিং’ সংগ্রহ নিশ্চিত হয় শেষের দিকে মাহমুদউল্লাহর ৩৬ রানের ইনিংসে।জিম্বাবুয়ের সফলতম বোলার শিঙ্গি মাসাকাদজা। ৫১ রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেন তিনি। ৫২ রান খরচায় দুটি উইকেট নেন টেন্ডাই ছাতারা। বাংলাদেশের ইনিংসের শুরুটা মন্দ ছিল না। তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুলের উদ্বোধনী জুটিতে আসে ৬৫ রান। তবে ৩১ রান করা তামিমের বিদায়ের পর দ্রুত তিনটি উইকেট হারায় বাংলাদেশ। আশরাফুল আউট হন ২৯ রান করে। অধিনায়ক মুশফিকুর রহিমও দলের হাল ধরতে পারেননি। মাত্র ৫ রান করে আউট হন তিনি। বাংলাদেশের টপ-অর্ডারের তিন ব্যাটসম্যান তামিম, আশরাফুল ও মুশফিকুর প্রত্যেককেই সাজঘরমুখী করেন জিম্বাবুয়ের ফাস্ট মিডিয়াম বোলার শিঙ্গি মাসাকাদজা। শিঙ্গির ওভারেই দলীয় ৯৪ রানে রানআউট হন সাকিব আল হাসান (১)।সংক্ষিপ্ত স্কোর:বাংলাদেশ: ২৬৯/৮ (৫০ ওভার)নাসির ৬৮, মমিনুল ৩৮, মাহমুদউল্লাহ ৩৬, তামিম ৩১শিঙ্গি ৪/৫১, ছাতারা ২/৫২ টস: জিম্বাবুয়ে