
ইশান্ত শর্মার করা ৩০তম ওভরের দ্বিতীয় বলটা ৯ দশমিক ৯ সেন্টিমিটার সুইং করে ভেতরে ঢুকে ইয়ান বেলের উইকেট নাড়িয়ে দিল। এক ওভার পর আবারও ইশান্তের দ্বিতীয় বলে ৭ দশমিক ৫ সেন্টিমিটার সুইং করা বল অ্যালিস্টার কুকের ব্যাট ছুঁয়ে ঠাঁই নিল মহেন্দ্র সিং ধোনির গ্লাভসে। শেষ বিকেলে লর্ডসের উইকেটে বলের এমন মুভমেন্টে রীতিমত নাকাল ইংলিশ ব্যাটসম্যানরা। ৩১৯ রানের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১০৫। শেষ দিনে প্রয়োজন ২১৪, হাতে ৬ উইকেট।
লর্ডসের সবুজ উইকেট তৈরির নেপথ্যে ছিল ভারতকে সুইংয়ে কাবু করা। সে অর্থে ইংলিশ বোলাররা খুব একটা ব্যর্থ নয়। তবে নিজেদের তৈরি ফাঁদে পা দিয়েছেন মূলত ইংলিশ ব্যাটসম্যানরাই। ৩১৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ইশান্ত ও মোহাম্মদ সামির বোলিংয়ের সামনে রীতিমত খাবি খেল ইংল্যান্ড। ১ উইকেটে ৭০ থেকে ৪ উইকেটে ৭২—২ রানে ৩ উইকেট নেই ইংল্যান্ডের! ইশান্ত কখনো কখনো ১৫-১৬ সেন্টিমিটার পর্যন্ত বল সুইং করালেন। ইংল্যান্ডের আশা বাঁচিয়ে রাখতে ১৪ রানে জো রুট ও ১৫ রানে মঈন আলী উইকেটে আছেন। এ দুই উইকেট পড়লেই লেজ বেরিয়ে পড়বে ইংল্যান্ডের। চতুর্থ দিনের শেষ সেশনে জয়ের জন্য গুরুত্বপূর্ণ কাজটা সেরে রেখেছেন ভারতের বোলাররা।
আগের দিনের ৪ উইকেটে ১৬৯ রানের সঙ্গে আজ অবশিষ্ট ৬ উইকেটে ১৭৩ রান যোগ করেছে ভারত। এটি সম্ভব হয়েছে রবীন্দ্র জাদেজা ও ভুবনেশ্বর কুমারের ‘ব্যাটসম্যান’ হিসেবে আবির্ভাব হওয়ার কারণেই। দুজনের অষ্টম উইকেট জুটিতে এসেছে ৯৯। জাদেজা ফিরেছেন ৬৮ রানে ও ভুবনেশ্বর ৫২ করে। ইংল্যান্ড সফরে দুই টেস্টে ভুবনেশ্বরের এটি তৃতীয় ফিফটি। বল-ব্যাট সমানে চলছে ২৪ বছর বয়সী এ ডানহাতির! সূত্র: স্টার স্পোর্টস ১ ও ক্রিকইনফো।