জয়ের সুবাস পাচ্ছে রাজশাহী
ফাইনালের পোশাকি মহড়ায় কি তাহলে হারতেই হচ্ছে ঢাকাকে! বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহীর বিপক্ষে কাল ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে জাতীয় লিগে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়নরা। মাত্র ২০ রানেই ৫ উইকেট হারানো ঢাকা তৃতীয় দিন শেষে তাদের দ্বিতীয় ইনিংসে করেছে ৫ উইকেটে ৩৩ রান। ইনিংস পরাজয় এড়াতেই প্রয়োজন আরও ২০৫! দিনের শেষে ১৬ রানে অপরাজিত মেহরাব হোসেন জুনিয়র ও ৪ রান নিয়ে উইকেটে থাকা উত্তম সরকার আজ দলকে কতটা লড়াইয়ে ফেরাতে পারেন, সেটাই দেখার।রাজশাহীর দুই পেসার দেলোয়ার হোসেন (৩/১১) ও শাহাজাদা হোসেন (২/১৮) মিলেই ধস নামান ঢাকার ইনিংসে। ইনিংসের প্রথম বলেই মেহেদি হাসানকে আনিসুরের ক্যাচ বানান দেলোয়ার হোসেন। এরপর চতুর্থ ওভারে তিন বলের ব্যবধানে শাহাজাদা হোসেন শূন্য রানে ফিরিয়ে দেন আবদুল মজিদ ও তায়েবুর রহমানকে। স্কোরবোর্ডে ঢাকার রান তখন মাত্র ৭। পাঁচ বল পর এ রানেই অভিষিক্ত আসিফ ইকবালকে ড্রেসিংরুমে ফেরান দেলোয়ার। দলীয় ২০ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হন এর আগে টানা তিনটি ফিফটি করা ঢাকার অধিনায়ক মোশাররফ হোসেন (৫)।এর আগের দিন কোনো উইকেট না হারিয়ে করা ২০৬ রান নিয়ে দিন শুরু করা রাজশাহী আরও ৩২৬ রান যোগ করে ৫৩২ রানে ইনিংস ঘোষণা করে। এবারের লিগে এটাই সর্বোচ্চ ইনিংস। মিজানুর ও অভিষেকের ওপেনিং জুটিতে আসে ২৩১ রান। চলতি লিগে যেকোনো জুটিতে তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ এটা। ২১৭ বলে ২৬ চারে ১৭৬ রান করে আউট হন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা মিজানুর। এরপর পঞ্চম উইকেটে ১৮৪ রান করেন আনিসুর ও ধীমান। এবারের লিগে তৃতীয় ও ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি করে ১০১ রানে অপরাজিত থাকেন জাতীয় দলের বাইরে থাকা এই উইকেটকিপার।রাজশাহীতে তৃতীয় দিন শেষে হাতে ৫ উইকেট রেখে ২৭৭ রানে এগিয়ে আছে বরিশাল। আগের দিনের ১ উইকেটে ২৬ রানের সঙ্গে কাল আরও ২৪৬ যোগ করে তারা। সেঞ্চুরি করেছেন প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া নাসিরউদ্দিন ফারুক। কালকের ১১২ রানসহ লিগে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৬৩২ রান করেছেন ক্যারিয়ারের ষষ্ঠ এবং এই লিগে দ্বিতীয় সেঞ্চুরি করা এই বাঁহাতি। প্রথম ইনিংসের মতো এবারও ৪৬ রানে আউট হয়েছেন ইফতেখার নাঈম। উইকেটকিপার শাহীন হোসেন ৫৪ রানে ও আরাফাত সালাউদ্দিন ১৭ রানে ব্যাটিং করছেন।