জয়ের স্থগিত দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়-কাণ্ডের একটা সমাধানে পৌঁছাল বাফুফে। কাল বাফুফের শৃঙ্খলা কমিটি সভায় বসে আরিফ খানকে (জয়) এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে। গত মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের বিরতির সময় মাঠে পিস্তল নিয়ে ঢোকেন বাফুফের এই সহসভাপতি। এ ঘটনায় তীব্র সমালোচনায় পড়েন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।বাফুফের শৃঙ্খলা কমিটির দেওয়া স্থগিত দণ্ডটা হলো, তাঁকে শাস্তি ভোগ করতে হবে না। তবে আগামী এক বছরের মধ্যে যেকোনো ধরনের অন্যায় করলেই এক বছরের জন্য ফুটবলে নিষিদ্ধ হবেন তিনি। সে অর্থে এটি তাঁর জন্য একটা সতর্কবাণী। এ ছাড়া পরশু ফেড কাপের সেমিফাইনালে লাল কার্ড দেখা শেখ রাসেলের উইঙ্গার জাহিদ হোসেনকে তিন ম্যাচ নিষিদ্ধ, দলীয়ভাবে শেখ রাসেলকে ২০ হাজার টাকা জরিমানা এবং তাদের টিম ম্যানেজমেন্টের এক কর্মকর্তাকে ছয় ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।