জয়ের স্বপ্ন ইরানের
নাইজেরিয়ার সঙ্গে প্রথম ম্যাচে ড্র। দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনাকে প্রায় আটকেই দিয়েছিল ইরান। শেষ পর্যন্ত হারল মেসির অতিমানবীয় এক গোলে। ওই ম্যাচ হারলেও ইরান সম্মান পেল সবারই। আর্জেন্টিনা ম্যাচের পর আজ চোখে জয়ের স্বপ্ন এঁকে নামছে কার্লোস কুইরোজের দল। সামনে বসনিয়া, যারা প্রথম দুই ম্যাচ হেরেই বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে।
দ্বিতীয় রাউন্ডে যেতে এ ম্যাচে বড় জয় চাই ইরানের। একই সঙ্গে আর্জেন্টিনার কাছে নাইজেরিয়াকে হারতে হবে। দুইয়ে দুইয়ে চার মিললে এশিয়ার এই দলটি যেতে পারবে দ্বিতীয় রাউন্ডে। ম্যাচটা হচ্ছে সালভাদরের অ্যারেনা ফন্তে নোভার মাঠে, যেখানে ৩ মাচে হয়েছে ১৭ গোল। এটা হতে পারে ইরানের জন্য প্রেরণাদায়ী তথ্য। সবকিছু মিলিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার ব্যাপারে আশা ছাড়ছেন না ফুলহামে খেলা দলটির ফরোয়ার্ড আশকান দেজাগা, ‘আমাদের এখনো দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ আছে।’ তারপর মজা করে বলেছেন, ‘ইংল্যান্ড আর স্পেনের চেয়েও বেশি দিন টিকে ছিলাম আমরা!’
বসনিয়ার জন্য কিছু নিয়ে বাড়ি ফেরার ম্যাচ এটি। তাই বাড়ি যাওয়ার আগে চাইবে ইরান ম্যাচে পয়েন্ট পেতে। সেই আশাতেই অাছেন স্ট্রাইকার এডিন জোকো, ‘আমরা দ্বিতীয় রাউন্ডে যেতে পারছি না, এটা জানাই। তবু এই ম্যাচে সর্বোচ্চ চেষ্টাই করব।’ এএফপি।