জয়েসই স্ট্রাউসদের প্রতিপক্ষ
আজ কেমন লাগবে এড জয়েসের? ওই অ্যান্ড্রু স্ট্রাউস, কেভিন পিটারসেন, জেমন অ্যান্ডারসন, বেল-কলিংউডরা তাঁর সতীর্থ ছিলেন গত বিশ্বকাপে। আজ চার বছর পেরিয়ে এসে আরেকটি বিশ্বকাপে জয়েস তাদেরই প্রতিপক্ষ!এমন অনুভূতির সঙ্গে পরিচয় হয়েছিল কেপলার ওয়েসেলসের। দক্ষিণ আফ্রিকা নিষিদ্ধ থাকায় ১৯৮৩ বিশ্বকাপে ওয়েসেলস খেলেছিলেন অস্ট্রেলিয়ার হয়ে। ১৯৯২ বিশ্বকাপে নিজ দেশের হয়েই খেলেন। প্রথম ম্যাচটাই ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। সিডনিতে অপরাজিত ৮১ রানের ইনিংস খেলে দলকে ৯ উইকেটে জেতান ওয়েসেলস।আজ কি জয়েসের এমনই একটা ইনিংস খেলার দিন? এমনিতে তাঁর দেশাত্মবোধ কিন্তু প্রবল। হ্যাঁ, নিজ দেশ ছেড়ে গত বিশ্বকাপটা ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন, তাতে আয়ারল্যান্ডের ক্ষতি কিন্তু হয়নি। কারণ গত বিশ্বকাপে কানাডা-কেনিয়ার বিপক্ষে টানা দুই ম্যাচে ৬৬ ও ৭৫ করার পর আয়ারল্যান্ডের বিপক্ষে এক রান করেই আউট হয়ে গিয়েছিলেন বাঁহাতি ব্যাটসম্যান।আজকের ম্যাচের তারকা জয়েস হলে সেটি হবে উপন্যাসের মতো। যদিও সব আলো চুরি করার জন্য অ্যান্ড্রু স্ট্রাউস মনে হচ্ছে একাই যথেষ্ট। দুর্দান্ত ফর্মে যে আছেন ইংলিশ অধিনায়ক। প্রথম ম্যাচে ৮৮, এরপর ভারতের বিপক্ষে গত ম্যাচে ১৫৮।এমনিতে হল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড ঘাবড়েই গিয়েছিল, শেষ পর্যন্ত যদিও এসেছে স্বস্তির জয়। তবে স্ট্রাউস এখন আশ্বস্ত করতে পারছেন, আজ বেঙ্গালুরুতেই আইরিশদের সুবিধা করতে দেবেন না তাঁরা। এই আত্মবিশ্বাস ইংল্যান্ড পেয়েছে গত ম্যাচে, ‘আপনি যখন এত বড় রান তাড়া করতে পারবেন, সেটা ব্যাটসম্যানদের মধ্যে একটা আত্মবিশ্বাস নিয়ে আসবে, যেকোনো রানই তাড়া করা সম্ভব। এটা খুবই গুরুত্বপূর্ণ।’তা হয়তো পেয়েছে। কিন্তু সেই হিসাবে তো বোলারদেরও হারিয়ে ফেলার কথা আত্মবিশ্বাস। মূল বোলার জেমস অ্যান্ডারসন তো একাই গত ম্যাচে দিয়ে বসলেন ৯১ রান! বিশ্বকাপে সবচেয়ে খরুচে ইংলিশ বোলারের রেকর্ড। স্ট্রাউস অবশ্য অ্যান্ডারসনের পক্ষেই ব্যাট করলেন। তবে এই আশ্বাসও দিলেন, এই ম্যাচেই তাঁর বোলাররা দেখিয়ে দেবে, তারা তৈরি।পেসারদের মধ্যে কেবল টিম ব্রেসনানই উজ্জ্বল। রান-উৎসবের গত ম্যাচেও ৪৮ রানে নিয়েছেন ৫ উইকেট। সেই ব্রেসনানও আশ্বস্ত করছেন, ‘আসলে এ ধরনের উইকেটে সামান্য ভুলটুকু করার অবকাশ নেই। তার পরও জিমি (অ্যান্ডারসন) নিজেও ওর পারফরম্যান্স নিয়ে অনুতপ্ত। ও তো আসলেই বিশ্বসেরা বোলারদের একজন।’ইংলিশ সমর্থকেরা আশ্বস্ত হতেই পারে। তবে আইরিশরাও আবার পণ করেছে, ইংলিশদের স্বস্তিতে থাকতে তারা দেবে না। জয়েস তো ‘অস্বস্তি’ নয়, স্পষ্ট করেই শব্দটা উচ্চারণ করলেন—‘জয়’, ‘এটা অনেক বড় একটা ম্যাচ। আমরা ওদের হারানোর স্বপ্ন দেখতেই পারি। এর মধ্যে ওদের সঙ্গে বেশ কয়েকটি ম্যাচ খেলেছি, আমি ছিলাম না বটে, কিন্তু ওই ম্যাচগুলোতেও ওদের হারানো উচিত ছিল। আমাদের তাই কিছু কাজ বাকি পড়ে আছে!’ ওয়েবসাইট।