জয়োৎসবের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

ফুটবলটা এখানে ধর্মের মতো। বিশ্বকাপ তাই যেন সেই ধর্মের এক প্রার্থনা-সভা। আর বিশ্বকাপ জয়? স্বর্গলাভের চেয়ে কি কম কিছু! ফাইনালের মহারণের আগে আর্জেন্টিনায় জোরেশোরেই চলছে সেই স্বর্গবাসের প্রস্তুতি। ওদিকে যখন খুদে জাদুকর মেসি চুমু বসাবেন ট্রফিতে, জয়োৎসবে মেতে উঠবে আর্জেন্টিনার পথ-ঘাট-প্রান্তর।
যদি বলা হয়, আর্জেন্টাইন ফুটবল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, বাড়িয়ে বলা হবে না নিশ্চয়ই। এই লড়াই শুধুই বিশ্বকাপ জয়ের নয়, বছরের পর বছর শিরোপার দ্বারপ্রান্তে দাঁড়ানো আর্জেন্টাইনদের জন্য লড়াইটা কিন্তু গৌরব পুনরুদ্ধারেরও।
উপলক্ষটা যত বড়, তার উদযাপনের প্রস্তুতিটাও তেমনি চলছে জাঁকজমকভাবেই। শহরজুড়ে নানা রকম রঙিন ব্যানার, পোস্টার। রেল, বাসস্টেশন আর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বড় বিলবোর্ডে লেখা, ‘এগিয়ে চলো আর্জেন্টিনা।’ চলছে ৪০ ঘণ্টাব্যাপী জয়োৎসবের প্রস্তুতি। শপিং মলগুলো ব্যস্ত শেষ মুহূর্তের কেনাকাটায়। গির্জাগুলোয় আর্জেন্টিনার জয় প্রার্থনার জন্য পরম করুণাময়ের শরণাপন্ন হাজারো মানুষ। গলিতে গলিতে বড় পর্দা, এখানে-ওখানে রাস্তা আটকে ছেলেমেয়েরা প্রস্তুতি নিচ্ছে উদযাপনের। উত্তেজনায় আজ রাতটায় বোধ হয় বাতিই নেভেনি বুয়েনেস এইরেসের কোনো বাড়িতে।
ফুটবলের উন্মাদনায় আর্জেন্টাইনদের জুড়ি মেলা ভার। এক আর্জেন্টাইন ফুটবল ভক্তের কথাই ভাবুন, সেই বিশ্বকাপের প্রথম দিন থেকে আর্জেন্টিনার প্রতি ম্যাচে নাকি পরেছেন একই শার্ট। ফাইনালের দিনও সেই শার্ট গায়ে জড়িয়েই খেলা দেখবেন। তাঁর বিশ্বাস, এই শার্টই আর্জেন্টিনার সৌভাগ্যের প্রতীক। আরেক সমর্থক তো দাঁতে দাঁত চেপে সামলাচ্ছেন শেষ মুহূর্তের উত্কণ্ঠা।"আমি ভীষণ স্নায়ুচাপ আর দুশ্চিন্তায় ভুগছি। তার সঙ্গে বুকভরা আশা আর আবেগেরও কমতি নেই। আমাদের ফুটবলের জন্য তো বটেই, পুরো জাতির জন্যই আজকের জয়টা হতে পারে বিরাট এক অর্জন।
ফুটবলের মাঠের মতো অর্থনৈতিক বিপর্যয়ের সঙ্গেও আর্জেন্টাইনরা লড়ছে অনেক দিন ধরেই। এরকম সময়ে আর্জেন্টিনার ‘ব্রাজিল’ জয়ে গোটা জাতিই হয়তো পাবে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা। পুরো জাতি আজ তাকিয়ে আছে যাঁর দুই পায়ের দিকে, সেই লিওনেল মেসিও নিশ্চয়ই চাইবেন, জাতির এই গৌরবময় উপাখ্যান আজ তাঁর হাতেই রচিত হোক।