ঝড়ের মুখে ইয়ামালি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফ ব্যর্থতার দায় কার?
উত্তর খুঁজতে বাদল রায়ের নেতৃত্বে তিন সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিংস কমিটি গঠন করেছিল বাফুফে। সংশ্লিষ্ট সবার সাক্ষাৎকারের ভিত্তিতে আগামীকাল ওই কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা বাফুফের কাছে।
তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, প্রতিবেদনে মূল অভিযুক্ত হতে যাচ্ছেন ফিটনেস ট্রেনার ইয়ামালি মোহম্মেত। তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে প্রথম রাউন্ড থেকেই বাংলাদেশ দলের বিদায় নেওয়ার বড় কারণ হিসেবে দলের ফিটনেস সমস্যাকেই বড় করে দেখাবে তদন্ত কমিটি।
খেলোয়াড়েরা তো বটেই, বিশেষজ্ঞ কোচরাও বাংলাদেশ দলের বাজে ফুটবলের জন্য ইয়ামালির দায় দেখছেন। এর মধ্যে তদন্ত কমিটি আবার আবিষ্কার করেছে, ইয়ামালি একজন ফিজিও, আদৌ কোনো ফিটনেস ট্রেনার নন! এটা গোপন করেই নাকি চাকরি নিয়েছেন তুর্কি বংশোদ্ভূত ডাচ তরুণ। ইয়ামালিকে এনেছেন রেনে কোস্টার, জাতীয় দলের সহকারী কোচ তাঁর পছন্দে ‘ফিটনেস ট্রেনার’ আনলেও বাফুফে কেন তা যাচাই করে দেখল না, সেটি বড় প্রশ্ন। তদন্তে যুক্ত এক সদস্য বলছিলেন, ‘ইয়ামালির সার্টিফিকেট আছে ফিজিও হিসেবে। ফিটনেস ট্রেনার হিসেবে তাঁর কোনো প্রশিক্ষণ বা অভিজ্ঞতা নেই। ইয়ামালিকে নেওয়াই ভুল হয়েছে, তাঁকে বিদায় দেওয়ার সুপারিশ করা হবে।’
তবে ইয়ামালির কাঁধে দোষ চাপিয়ে পার পাওয়ার সুযোগ আছে কি না, সেটিও কম গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়। বিষয়টা ভাবিয়েছে তদন্ত কমিটিকে এবং দুই মূল কোচও তাই ছাড় পাচ্ছেন না। যদিও প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফ এবং সহকারী রেনে কোস্টার তদন্ত কমিটির সামনে নিজেদের দায় নিতে চাননি। একই সঙ্গে ইয়ামালিকেও দাঁড় করাতে চাননি কাঠগড়ায়।
তদন্ত কমিটির এক সদস্যের ভাষ্য অনুযায়ী, দুই কোচের ব্যাপারে সুনির্দিষ্ট কিছু অভিযোগ আনাই যায়। শেষ মুহূর্ত পর্যন্ত একাদশ ঠিক করতে না পারা, সময় পেলেও একটা দল তৈরি করতে ব্যর্থতার কথাও যাচ্ছে প্রতিবেদনে।
কোনো কোনো খেলোয়াড়ের চোট লুকিয়ে কাঠমান্ডু যাওয়ার বিষয়টাও থাকছে। খেলোয়াড়দের বিরুদ্ধে পা বাঁচিয়ে খেলার অভিযোগও বাদ পড়ছে না। খোদ ক্রুইফই বলেছেন, দলের জন্য শতভাগ দেননি কয়েকজন খেলোয়াড়। এই অভিযোগের সত্যতা খুঁজে পাওয়ায় তদন্ত কমিটির প্রতিবেদনে খেলোয়াড়দের ‘দায়িত্বহীনতার’ চিত্র থাকছে। অভিযোগের আঙুল মূলত যাঁর দিকে, তদন্ত প্রতিবেদনে সেই উইঙ্গার জাহিদ হোসেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ থাকার ব্যাপারটিও নিশ্চিত করেছে একটি সূত্র।