ঝরাপাতাদের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর আগের আজকের এই দিনে খুলনার কার্তিকডাঙা গ্রামে এক মোটরসাইকেল দুর্ঘটনা শোকস্তব্ধ করে দিয়েছিল বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে। সতীর্থ সাজ্জাদুল ইসলামের সঙ্গে মানজারুল ইসলাম রানার মৃত্যু স্তম্ভিত করে দিয়েছিল বাংলাদেশের ক্রিকেটকে। ৬টি টেস্ট ও ২৫টি ওয়ানডে খেলা মানজারুলের বয়স ছিল সেদিন মাত্র ২২ বছর ৩১৬ দিন। এত কম বয়সে পৃথিবী ছাড়তে হয়নি আর কোনো টেস্ট ক্রিকেটারকে। নানা শারীরিক জটিলতায় হাসপাতালে অস্ট্রেলিয়ার আর্চি জ্যাকসন মৃত্যুর কাছে হার মেনেছিলেন ২৩ বছর ১৬৪ দিন বয়সে। মানজারুলের মতো বেন হোলিওকেরও মৃত্যু হয়েছিল সড়ক দুর্ঘটনায়। অস্ট্রেলিয়ার পার্থের এক বৃষ্টিভেজা রাস্তার পাশের দেয়ালে বেনের ‘পোরশে ৯২৪’ যেদিন ধাক্কা খায়, ইংল্যান্ডের হোলিওক ভ্রাতৃদ্বয়ের ছোটজনের বয়স ছিল মাত্র ২৪ বছর ১৩২ দিন। ওয়েস্ট ইন্ডিজের সিরিল ক্রিস্টিয়ানির মৃত্যু হয়েছিল ২৪ বছর ১৫৮ দিন বয়সে। ৯ বছর আগে ২৪ বছর ২০১ দিন বয়সে জিম্বাবুয়ের ট্রেভর ম্যাডোন্ডোকে কেড়ে নেয় ম্যালেরিয়া!