ঝলমলে আলোয় অনুশীলন
আলো-আঁধারির খেলা ছাপিয়ে কাল সন্ধ্যায় সত্যিই আলোর বন্যায় ভেসে গেল মিরপুর স্টেডিয়াম। ফ্লাডলাইটের আলো এমনটাই হওয়ার কথা। কিন্তু সর্বশেষ যখন অনুশীলনের জন্য জ্বলেছিল এই ফ্লাডলাইট, তখন আলোর বন্যা নয়, ছিল আলো আর আঁধার। জিম্বাবুয়ের বিপক্ষে দিবারাত্রির ম্যাচটি তাই হয়ে গিয়েছিল শুধুই দিনের।গত ৮ জুলাই নটিংহামে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটির পর আর কৃত্রিম আলোয় খেলেনি বাংলাদেশ। অথচ বিশ্বকাপে বাংলাদেশের ছয় গ্রুপ ম্যাচের চারটিই দিবারাত্রির। এ জন্যই কাল থেকে বিশ্বকাপ দলের প্রস্তুতি শুরু হয়েছে কৃত্রিম আলোয়। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং-হাই ক্যাচ—কাল সবই হলো। কালকের ফ্লাডলাইটে সন্তুষ্টই উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম, ‘ফ্লাডলাইট তো ভালোই মনে হচ্ছে। আজ আমরা সব ধরনের অনুশীলনই করলাম। আমি নতুন বলে ব্যাটিংও করলাম। কোনো অসুবিধা হয়নি।’এভাবে অনুশীলন চললে অনেক দিন কৃত্রিম আলোয় অনেক দিন না খেলা কোনো প্রভাব ফেলবে না বলে আশা পেসার নাজমুল হোসেনের, ‘এটা ঠিক, আমরা অনেক দিন ডে-নাইট ম্যাচ খেলি না। কিন্তু আজ আমাদের অনুশীলন হলো পুরো ম্যাচ পরিস্থিতির মতো করেই। এভাবে যদি নিয়মিত অনুশীলন হতে থাকে, তাহলে আশা করি বিশ্বকাপে কোনো সমস্যা হবে না।’ বিশ্বকাপের আগে অবশ্য কৃত্রিম আলোয় ম্যাচ খেলার সুযোগও পাবে বাংলাদেশ। কানাডা ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুটো প্রস্তুতি ম্যাচই দিবারাত্রির।বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচটিও দিবারাত্রির। গত বিশ্বকাপের স্মরণীয় সেই জয়ের কারণে ভারতের বিপক্ষে ম্যাচটি নিয়ে এবার চলছে জোর আলোচনা। ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা, এবারও ভারতকে হারিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ। গতবারের চেয়ে এবার বাংলাদেশের ওপর চাপটাও তাই অনেক বেশি। তবে মুশফিকুর কিন্তু চাপটাকে ভারতের ওপর ঠেলে দিতে চাইলেন, ‘ওরা বড় দল, আমাদের বিপক্ষে জয়টা ওদের প্রত্যাশিতই থাকবে। চাপটাও তাই ওদের ওপর বেশি। আমাদের তো হারানোর কিছু নেই।’