
আলো ঝলমলে মঞ্চে বাংলাদেশের সব্যসাচী ক্রীড়াবিদ বশীর আহমেদ। হাতে বন্ধ খাম। যে খামের ভেতর রূপচাঁদা-প্রথম আলো বর্ষসেরা ক্রীড়াবিদের নাম। রুদ্ধশ্বাস অপেক্ষায় মিলনায়তনের দর্শক। কার নাম আছে খামের ভেতর! কোনো নাটক ছাড়াই বশীর আহমেদ নাম বললেন। কিন্তু তারপরও চমক। নাম যে একটা নয়, দুটি! তামিম ইকবাল ও মাহফুজা খাতুন শিলা।
২০০৪ সাল থেকে শুরু, প্রথম পুরস্কার অনুষ্ঠান পরের বছর। এবারের আগ পর্যন্ত কখনোই যৌথভাবে দুজন বর্ষসেরা হননি। কিন্তু ২০১৬ সালে তামিম আর শিলার অর্জনই এমন ছিল, সেই প্রথা ভাঙতে হলো জুরিবোর্ডের। ক্রিকেট লেখক ও কোচ জালাল আহমেদ চৌধুরীর নেতৃত্বে যে জুরিবোর্ডে ছিলেন টেবিল টেনিসের কিংবদন্তি জোবেরা রহমান লিনু, সাবেক ক্রিকেটার ও বিসিবির সাবেক নির্বাচক ফারুক আহমেদ, সাবেক ফুটবলার আলফাজ আহমেদ ও পাক্ষিক ক্রীড়াজগত-এর সম্পাদক দুলাল মাহমুদ।
তামিম অবশ্য ছিলেন না গতকাল হোটেল সোনারগাঁওয়ে রূপচাঁদা-প্রথম আলো বর্ষসেরা ক্রীড়া পুরস্কারের মঞ্চে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে এখন সংযুক্ত আরব আমিরাতে। সেখান থেকেই ভিডিও বার্তায় জানালেন নিজের উচ্ছ্বাসের কথা। এ পুরস্কারটা যে তাঁর কাছে আলাদা কিছু, বললেন সেটাও।
২০১৬ এসএ গেমসে দুটি সোনাজয়ী শিলা অবশ্য সশরীরেই ছিলেন। পুরস্কারের ট্রফি হাতে নিয়ে যাঁর মুখে বিশাল হাসি। তাঁর অর্জন, তাঁর মতো আরও অনেক নারী অ্যাথলেটের অর্জন সারা বিশ্বে পৌঁছে দেওয়ার জন্য শিলার কৃতজ্ঞতা প্রথম আলোর কাছে। সঙ্গে পুরস্কারটা দেখছেন বাড়তি পাওনা হিসেবে।

১৩ বছরে পা দেওয়া এই আয়োজনের স্বাগত বক্তব্যেই প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র বলে দিয়েছিলেন, এটা শুধু পুরস্কারের মঞ্চ নয়, এটা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মিলনমেলা। রেড কার্পেট থেকে শুরু করে শেষে মঞ্চে সব বিজয়ীর একসঙ্গে ছবি তোলা—সবকিছুই যেন তাঁর কথাটাই বারবার মনে করিয়ে দিল। একসময়ের সতীর্থকে অনেক দিন পর দেখে হয়তো আবেগাপ্লুত হয়ে যাচ্ছেন কেউ, ক্রিকেটার সৌম্য সরকারকে পেয়ে ছবি তোলার বায়না ধরেছেন রোলবলের এক নাম না-জানা কিশোরী—এমন আরও কত গল্প। এমনকি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানও তো আবেগাপ্লুত হয়ে গিয়েছিলেন তাঁর কৈশোর, যৌবনে খেলোয়াড় হিসেবে স্মৃতিগুলো মনে করে। শুনিয়েছেন তাঁর চোখে সেই সময়ের নায়কদের গল্প।
এ রকমই একটি আবেগঘন মুহূর্ত ছিল বিসিবির সাবেক সাধারণ সম্পাদক ও ক্রিকেট সংগঠন রাইসউদ্দিন আহমেদের আজীবন সম্মাননা পাওয়া। কত স্বীকৃতি পেয়েছেন জীবনে। হয়েছেন মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্যও। কিন্তু সবকিছু ছাপিয়ে প্রথম আলোর এ পুরস্কারটাকেই তাঁর জীবনের সেরা স্বীকৃতি মনে করেন রাইসউদ্দিন।
জুরিবোর্ডের বর্ষসেরার পাশাপাশি পাঠকের ভোটেও বর্ষসেরা তামিম ইকবাল। গত বছর মোস্তাফিজুর রহমানও এই দুটি পুরস্কারই জিতেছিলেন। তবে গত বছর আসতে না পারলেও এবার মোস্তাফিজ এসেছেন অনুষ্ঠানে। প্রথম আলোর ক্রীড়া সম্পাদকের অনুরোধে মঞ্চেও উঠেছেন, দুঃখ প্রকাশ করেছেন এমন একটি আয়োজনে গতবার থাকতে না পারায়। এরপর মঞ্চে এসে অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের মহাব্যবস্থাপক ইনাম আহমেদ বলেছেন, শুধু এ আয়োজনের সঙ্গে নয়, বাংলাদেশের খেলাধুলার পাশেও থাকতে চান তাঁরা। অপ্রচলিত খেলাগুলোয় পৃষ্ঠপোষকতা ও সহযোগিতার হাত বাড়াতে অনুরোধও করলেন সবাইকে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেনের হাত থেকে বর্ষসেরা উদীয়মানের পুরস্কার নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এর আগে উদীয়মানের পুরস্কার জেতা জিমি, সাকিব, তামিম, এমিলিরা সবাই নিজেদের খেলার শীর্ষে উঠেছেন। সেই পথে যেন হাঁটতে পারেন, মিরাজ সে জন্য চাইলেন শুভকামনা। বর্ষসেরা নারী ক্রীড়াবিদ বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকার। পুরস্কার নিয়েছেন বাংলাদেশের টেবিল টেনিসের প্রথম মহিলা জাতীয় চ্যাম্পিয়ন মুনিরা মোর্শেদ হেলেনার হাত থেকে।
বর্ষসেরা দুই রানারআপের একজন হয়েছেন মাবিয়া আক্তার। গোলাম সারোয়ার টিপুর হাত থেকে পুরস্কার নিয়ে মাবিয়া শোনালেন কীভাবে এসএ গেমসে সোনা জেতার পর বদলে গেছে তাঁর জীবনটা। আরেক রানারআপ শুটার শাকিল আহমেদ বিশ্বকাপ শুটিংয়ে অংশ নিতে দিল্লিতে থাকায় তিনিও আসতে পারেননি অনুষ্ঠানে। শাকিলের হয়ে তাঁর বাবা সাদেক আলী মোল্লা পুরস্কার নিয়েছেন সাবেক শুটার সাইফুল আলম রিংকির হাত থেকে।
সানিয়া সুলতানা লিজা ও ফয়সাল আহসানউল্লাহর উপস্থাপনায় শুরু হয়েছিল অনুষ্ঠান। এর আগে ‘রেড কার্পেটে’ সাবেক ও বর্তমান তারকাদের প্রতিক্রিয়া জেনেছেন মিশু চৌধুরী ও নাইর ইকবাল। দুই উপস্থাপকের খুনসুটি, হাস্যকৌতুকের পাশাপাশি বাড়তি রং ছড়িয়েছে বাংলাদেশের ক্রীড়াসংগীত ‘বাংলাদেশের দুরন্ত সন্তান আমরা দুর্বার দুর্জয়’-এর সঙ্গে অভিনেতা ফেরদৌস ও অভিনেত্রী নুসরাত ফারিয়ার দল বেঁধে নাচ। তবে অনুষ্ঠানের সবচেয়ে আবেগময় আখ্যানটির জন্ম হয়েছে প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্মিত প্রামাণ্যচিত্র অধিনায়ক ও নায়কেরা প্রদর্শনের সময়। সদরঘাটের আবদুল্লাহ, ঝালকাঠির শারমীন, ফেনীর সাইফুল কিংবা এসএ গেমসে সোনাজয়ী মাবিয়াদের গল্প দেখে চোখ ছলছল করেছে মিলনায়তনের প্রায় সবার। কেউ হয়তো এখান থেকেই নিয়ে গেছেন ওঁদের মতো সত্যিকারের ‘নায়ক’ হওয়ার প্রেরণাও। রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কারের সার্থকতাও সেখানেই।