ঝির মাথা যেন এক কম্পিউটার

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর কী বার ছিল? চিন্তায় পড়ে গেলেন? সমস্যা নেই, বু ঝিয়াং ঝি আছেন! উত্তরটা বলে দিতে বড়জোর ১০-১২ সেকেন্ড সময় নেবেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ছিল বৃহস্পতিবার। চীনা দাবাড়ু ঝির উত্তর সঠিক।
১৯৭১ সালের ২৬ মার্চই-বা কী বার ছিল? এবারও এক পলক ঝিম ধরে থাকলেন ঝি। উত্তর এল, শুক্রবার। কী আশ্চর্য, এটিও সঠিক।
ঝি চ্যালেঞ্জ দিয়ে বলে যান, ‘আমাকে দিন-তারিখ জিজ্ঞেস করতে থাকুন। হারাতে পারবেন না।’ তাঁর সঙ্গে কিছু সময় কাটিয়ে সেই চ্যালেঞ্জে হারতেই হলো। মনে হচ্ছিল, এক কম্পিউটার বসানো আছে তাঁর মাথায়। কোনো কিছুতেই আটকানো কঠিন।
দাবাড়ু বলেই বোধ হয় তাঁর মস্তিষ্কটা এত ক্ষুরধার। রীতিমতো ২৭০৫ রেটিংধারী সুপার গ্র্যান্ডমাস্টার! যদিও তাঁর সেরা রেটিং ছিল ২৭২৯। একটা সময় নাইজেল শর্ট, সার্গেই টিকিয়াকভের মতো বিশ্বের শীর্ষস্থানীয় দাবাড়ুরা ঢাকায় এসেছেন। তবে সাম্প্রতিক বছরে বাংলাদেশে আসা সর্বোচ্চ রেটিংধারী দাবাড়ু এই বু ঝিয়াং ঝি।
গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের সঙ্গে আলাপের সূত্রেই তাঁর আসা। আর নিয়ে আসার কাজটি করেছে সাইফ স্পোর্টিং ক্লাব। তাঁকে নিয়ে সাইফ স্পোর্টিং প্রিমিয়ার দাবা লিগে এসেই চ্যাম্পিয়ন হয়েছে তিন দিন আগে। ঝি ছয়টি ম্যাচ খেলে জয় তুলেছেন সব কটিতেই। তাঁর একটি মাত্র ম্যাচ গড়িয়েছে ৪২ চাল পর্যন্ত।
হেসেখেলে জিতলেও বাংলাদেশের দাবাড়ুদের সম্পর্কে ভালো ধারণাই পেয়েছেন ঝি, ‘ওরা আমার সঙ্গে হারবে, এটাই স্বাভাবিক। তবে আমি দেখেছি, বাংলাদেশের নবীনদের মধ্যে ভালো সম্ভাবনা আছে।’ এখন ঝির বয়স ৩১। ফেলে আসা জীবনটা তাঁকে উজ্জীবিত করে দারুণভাবে। ছয় বছর বয়সে একদিন দাদার বাড়ি গিয়ে দেখলেন, দাদা দাবা খেলছেন তাঁরই ১১ বছর বয়সী এক চাচাতো ভাইয়ের সঙ্গে। ছোট্ট ছেলেটি সেদিন দাবার বোর্ড দেখে বিস্মিত হয়েছিল, ‘আমি তখন প্রথম দেখি দাবা বোর্ড। দেখে ভেবেছিলাম, এটা আবার কী!’
ওই বিস্ময় তাঁর মনে বুনে দিল দাবার বীজ, যা অঙ্কুরোদ্গম হতে সময় লাগেনি এতটুকু। ১২ বছর বয়সেই অনূর্ধ্ব-১৪ বিশ্ব জুনিয়র দাবায় চ্যাম্পিয়ন হলো ছেলেটি। পরের বছর ইতিহাসই গড়ে ফেলল সে। মাত্র ১৩ বছর ১০ মাস ১৩ দিন বয়সে বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার!
ঝির মধ্যে প্রতিভার স্ফুরণ দেখে তা লালন করার উদ্যোগ নেন চিন দাও শহরের দাবা অ্যাসোসিয়েশনের কর্তারা। পাশে দাঁড়ান স্থানীয় দৈনিক চিন দাও ডেইলির এক শীর্ষস্থানীয় সাংবাদিক। তাঁদের সম্মিলিত উদ্যোগে ইউরোপে পাঠানো হলো ছেলেটিকে। কোচসহ হাঙ্গেরিতে সে নোঙর ফেলল ওইটুকুন বয়সেই। ওখান থেকে আশপাশে গিয়ে খেলত। ১৯৯৯ সালে গ্র্যান্ডমাস্টার হওয়ার বছরে সে ইউরোপ ঘুরে ১৩টি টুর্নামেন্ট খেলেছে!
খুদে গ্র্যান্ডমাস্টার হতে তাঁর যে দ্রুত উন্নতি হয়েছিল, সেটিও অবিশ্বাস্য। ‘ওই বছর চারটি করে আন্তর্জাতিক মাস্টার ও গ্র্যান্ডমাস্টার নর্ম করেছি। যদিও তিনটি করে নর্ম করলেই যথেষ্ট।’ হোটেল পূর্বাণীর রেস্টুরেন্টে বসে স্যান্ডউইচে কামড় বসাতে বসাতে বলে যান ঝি।
প্রতিভা তো বাংলাদেশেও আছে, কিন্তু লালনপালন কই! এ কারণেই পাঁচ গ্র্যান্ডমাস্টারের পর আর কোনো গ্র্যান্ডমাস্টার আসছে না বাংলাদেশে। অথচ ঝিয়ের গল্পটা বলে দিচ্ছে, তাঁর পেছনে কত কত বিনিয়োগ ছিল তাঁর অ্যাসোসিয়েশনের!
সঙ্গে নিজের চেষ্টা ছিল বলে ব্লাইন্ড দাবায় একবার বর্তমান বিশ্বসেরা ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিতে পেরেছেন। বিশ্বনাথন আনন্দর মতো দাবাড়ু হারাতে পারেন না ঝিকে। যিনি ২০০৮ সালে ছিলেন চীনের এক নম্বর দাবাড়ু। বিশ্ব র্যাঙ্কিংয়ে তাঁর অবস্থান এখন ৩৫-এর মধ্যে। এসব গল্প বলতে বলতে ঝি তুলে আনেন তাঁর বাবার কথা। যিনি গাড়ি প্রকৌশলী এবং ভদ্রলোক নাকি গাড়ির শব্দ শুনলেই বলে দিতে পারেন ওই গাড়ির আদ্যোপান্ত।
ইংরেজি জানা ঝি নিজেও সবকিছু দারুণভাবে মনে রাখতে পারেন, দশ বছর আগে কোন দিন কী খেয়েছেন—চট করেই বলে দেন। ছোট থেকেই অঙ্কে ছিলেন পাকা। ঝির স্ত্রীর মাথাও নাকি একটা কম্পিউটার। এবং তিনিও উঁচু রেটিংয়ের গ্র্যান্ডমাস্টার। দুই দাবাড়ুর সংসারে এসেছে একটি কন্যাসন্তান।
কথা এগিয়ে চলে। সুযোগ পেলে আবার বাংলাদেশে আসার প্রতিশ্রুতি দেন ঝি। সাইফ স্পোর্টিংয়ের কর্মকর্তা সাবেক দাবাড়ু মাহমুদা মলি মুগ্ধতা ছড়িয়ে বলেন, ‘ঝির মতো দাবাড়ু আরও বেশি করে আনা গেলে দেশের দাবায় ভালো ফল আসবে।’
অস্বীকার করার উপায় নেই, ঝিদের উঠে আসার গল্পটা উঠতি দাবাড়ুদের জন্য বড় এক অনুপ্রেরণা।