পরশু রাতে প্রিমিয়ার লিগ নিয়ে হঠাৎই শুরু নাটক, কিন্তু কাল রাতে এ রিপোর্ট লেখা পর্যন্তও সেটির অবসান হয়নি। প্রিমিয়ার লিগ নিয়ে এখনো তাই ঘোর অনিশ্চয়তা। উদ্ভূত পরিস্থিতিতে আজ ডাকা হয়েছে বিসিবির জরুরি সভা।পরশু বিপিএলের গভর্নিং কাউন্সিলের সভা শেষে আচমকা স্থগিত ঘোষণা করা হয় লিগ। ওই রাতেই এক হোটেলে সভায় বসেন আবাহনী ও মোহামেডান ছাড়া প্রিমিয়ার লিগের বাকি ১০ ক্লাবের কর্মকর্তারা। কাল দুপুরে সংবাদ সম্মেলনে সেই সভার সিদ্ধান্ত জানান তাঁরা, আজ ফের লিগ শুরু না হলে এবারের লিগ বর্জন করবে ক্লাবগুলো। পরে যদি লিগ হয়ও তাতে তাঁরা খেলবেন না।কাল দুপুরে ক্লাব কর্মকর্তারা এই সিদ্ধান্ত জানাতে না-জানাতেই গুঞ্জন শোনা যায়, আজ (শুক্রবার) থেকেই নাকি আবার শুরু হবে লিগ। গুঞ্জনটা ডালপালা মেলেছে সারা দিন, কিন্তু বাস্তব রূপ পায়নি। কাল রাতে সর্বশেষ খবর, বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামাল দুবাই থেকে ফিরলে একটা সিদ্ধান্ত হতে পারে আজ। ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘বিসিবির পরশুর (আগামীকাল) পূর্বনির্ধারিত সভাটি কাল (আজ) হবে। লিগ নিয়ে সভায় আলোচনা হবে।’ সে ক্ষেত্রে কাল থেকে লিগ শুরুর একটা সম্ভাবনা থাকে। যদিও ক্লাব এবং বোর্ডের ঘনিষ্ঠরা ‘স্বার্থান্বেষী মহলের চক্রান্তে’ এবারের প্রিমিয়ার লিগের অকালমৃত্যুই দেখছেন।জরুরি সভায় সিদ্ধান্ত যা-ই আসুক, ক্লাবগুলোর দাবি মেনে যে বোর্ড আজ থেকে লিগ শুরু করছে না, সেটা নিশ্চিত। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের ব্যাখ্যা, ‘ক্লাবগুলোর আল্টিমেটামের চিঠি আমরা হাতে পেয়েছি আজ (গতকাল) বিকেল ৪টায়। লিগ বন্ধের চিঠি পাওয়ায় অনেক ক্লাবের ক্রিকেটার ঢাকার বাইরে চলে গেছে, দলগুলোও সেভাবে প্রস্তুত নয়। এসব কারণে অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না।’লিগ স্থগিত। ক্লাবগুলো অনতিবিলম্বে সেই লিগ শুরুর দাবি জানাচ্ছে। কিন্তু বিস্ময়কর হলেও সত্যি, লিগ কেন ‘অনির্দিষ্টকালের’ জন্য বন্ধ হলো, সেটি নির্দিষ্ট করে বলতে পারছে না কেউই! পরশু ক্লাবগুলোকে দেওয়া বিসিবির চিঠিতে ‘অনিবার্য কারণে’র কথা বলা হয়েছে। কিন্তু সেই অনিবার্য কারণটি কী, চিঠির প্রেরক বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহীও তা বলতে পারছেন না।আপাত দৃষ্টিতে মূল দায়টা বিপিএলের। ফ্র্যাঞ্চাইজিগুলোকে অনুশীলন শুরু করার সুযোগ দিতেই নাকি লিগ বন্ধ। যদিও কাল সবচেয়ে জোরালোভাবে শোনা গেল আরেকটি কারণ। লিগ বন্ধের পেছনে আবাহনী-মোহামেডানের হাত আছে! লিগ বন্ধের প্রতিবাদে ক্লাবগুলোর সভায় ও সংবাদ সম্মেলনে এই দুই বড় ক্লাবের কারও উপস্থিত না থাকা গুঞ্জনটাকে সমর্থনই করে।আবাহনীর দুই ভারতীয় ক্রিকেটার রজত ভাটিয়া ও মিথুন মানহাস দেশে ফিরে গেছেন। চোট পেয়েছেন ফরহাদ রেজা ও ইলিয়াস সানি। চোট সমস্যা আছে মোহামেডানেরও। দুই ক্লাবই নাকি তাই বোর্ডকে চিঠি দিয়ে লিগ পেছানোর অনুরোধ করেছিল।বাজারে উড়ছে আরও কিছু তত্ত্ব। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর শিরোপা ধরে রাখার সম্ভাবনা বলতে গেলে নেই-ই। তাই তারাই নাকি চাচ্ছে না লিগটা ঠিকঠাক শেষ হোক। অন্য একটি সূত্র বলেছে, অবনমিত সূর্যতরুণের বিষয়টা বিবেচনার সুযোগ তৈরির জন্যই স্থগিত হয়েছে লিগ।এসবের মধ্যে ক্লাব কর্মকর্তাদের সংবাদ সম্মেলনে সবচেয়ে গুরুত্ব পেল বিপিএল। লিখিত বক্তব্যে বিপিএলকে বলা হয়েছে ‘স্বার্থান্বেষী গোষ্ঠী আয়োজিত ব্যবসানির্ভর টুর্নামেন্ট’। বিপিএলের লক্ষ্য, ‘বাংলাদেশের ক্রিকেটকে দেউলিয়া ও কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা বিদেশে পাচার করা।’ ক্লাব কর্তাদের না জানিয়ে এবং তাঁদের সম্পৃক্ত না করে বিপিএল আয়োজন করায়ও ক্ষুব্ধ সবাই। সম্পূরক প্রশ্ন ওঠেই, তবে কি ক্লাব কর্তাদের সম্পৃক্ত করলে ‘ব্যবসানির্ভর’ বিপিএল দেশের ক্রিকেটের মঙ্গলবাহী গণ্য হতো? শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদেরের ব্যাখ্যা, ‘এ দেশের ক্রিকেটের জন্য অনেক কিছু করেছে ক্লাবগুলো। অন্তত সৌজন্যবোধ থেকেও তো আমাদের জানানো যেত!’ক্লাব কর্মকর্তারা কাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বিপিএলের জন্য ছাড়ার ব্যাপারটি নিয়ে তাঁরা দ্বিতীয়বার ভাববেন।