ঝুলে রইল আয়ারল্যান্ড সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট পরিচালনা কমিটির সভায় তিনটি সফরেরই সিদ্ধান্ত হয়েছিল। বাকি ছিল শুধু বোর্ডের অনুমোদন। জিম্বাবুয়ে ও ত্রিনিদাদ সফর সেই অনুমোদন পেলেও ঝুলে রইল জুলাইয়ে প্রস্তাবিত আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সফর।গত পরশু রাতে শীর্ষস্থানীয় কয়েকজন বোর্ড পরিচালকের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় বসেছিলেন বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামাল। একটি সূত্রে জানা গেছে, সেই আলোচনায় জুনে জিম্বাবুয়ে সফর ও আগস্টে ত্রিনিদাদ সফরের ব্যাপারে সবাই একমত হলেও আয়ারল্যান্ড-স্কটল্যান্ড সফরের ব্যাপারে তা হয়নি। অন্য পরিচালকেরা সফরের পক্ষে থাকলেও বোর্ড সভাপতি এ ব্যাপারে দ্বিমত পোষণ করেন।আয়ারল্যান্ড সফরে না যাওয়ার ব্যাপারে বোর্ড সভাপতির যুক্তি, বাংলাদেশ দল গত কিছুদিন ভালো খেলছে। এ অবস্থায় কোনো সহযোগী দেশের বিপক্ষে অঘটনের ঝুঁকি নেওয়া ঠিক হবে না। পরে এই সফরের ব্যাপারে সিদ্ধান্ত স্থগিত রেখে বাকি দুই সফরের অনুমোদন দেন মুস্তফা কামাল। এ বিষয়ে বোর্ড সভাপতির সঙ্গে ক্রিকেট পরিচালনা বিভাগের আরেক দফা আলোচনা হওয়ার কথা আছে বলে জানিয়েছে সূত্র। কাল টেলিফোনে এ ব্যাপারে জানতে চাইলে বোর্ড সভাপতি অবশ্য কোনো মন্তব্য করতে রাজি হননি। শুধু বলেছেন, ‘এ ব্যাপারে যথাসময়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।’ওদিকে বোর্ডের অনুমোদন মেলার পর কাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়েছে জিম্বাবুয়ে ও ত্রিনিদাদ সফরসূচি। বাংলাদেশ দল জিম্বাবুয়ে রওনা হবে ১৩ জুন, ২৫ আগস্ট ত্রিনিদাদ। ত্রিনিদাদে বিসিবি একাদশ নামে গেলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য খেলবেন মূলত জাতীয় দলের খেলোয়াড়েরাই। জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন জাতি টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে হারারের কাউন্টি ক্লাব মাঠে ১৬ জুন একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ডাবল লিগ পদ্ধতির সিরিজে ১৮ জুন স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ, পরদিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এরপর ২১ ও ২২ জুন জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরও দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ২৪ জুন।ত্রিনিদাদে তিনটি ম্যাচ হবে ৩০ আগস্ট এবং ১ ও ২ সেপ্টেম্বর।