ঝুলে রইল বাংলাদেশের ভাগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বের টিকিট পেল বাংলাদেশ?তাজিকিস্তান-কিরগিজস্তান ম্যাচ ড্র না হলেই বাংলাদেশ চূড়ান্ত পর্বে উঠে যাবে—সমীকরণটা কাল এল বাংলাদেশের পক্ষেই। অর্থাৎ কিরগিজরা নিজেদের মাটিতে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচটা জিতেছে ১-০ গোলে। সেই হিসাবে পাঁচ গ্রুপের দুটি সেরা রানার্সআপের একটি হয়ে বাংলাদেশের ওঠার কথা এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে। মালদ্বীপে যা হবে আগামী বছর ৮-২৩ মার্চ।কিন্তু বাংলাদেশ চূড়ান্ত পর্বে উঠেছে কি না গতকাল পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। বিদায় নিয়েছে সেই সিদ্ধান্তেও পৌঁছা যাচ্ছে না। শেষ মুহূর্তে গোল বাধিয়েছে ব্রুনাই। এই দলটি আজ থেকে ম্যানিলায় শুরু হওয়া ‘ই’ গ্রুপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে গতকাল শেষ সময়ে।কোনো দলের নাম প্রত্যাহার করা মানে জটিল একটা পরিস্থিতি। সাধারণ নিয়মে, নতুন দল নেওয়ার কথা। কিন্তু ব্রুনাই-কাণ্ডের পর নতুন দল নেওয়ার সময় নেই। ওদিকে জানা যায়, একটি দল নাম প্রত্যাহার করলে বাকি গ্রুপগুলোর চার নম্বর দলের সঙ্গে ওই গ্রুপের কোনো দলের জয়-পরাজয়ের হিসাব নাকি বিবেচ্য হবে না।সেই হিসাবে সেরা রানার্সআপ হওয়ার দৌড়ে শীর্ষে থাকে ৪ পয়েন্ট পাওয়া লাওস। গ্রুপের চতুর্থ দল মঙ্গোলিয়ার সঙ্গে তারা ড্র করেছিল। ফলে ৫ থেকে তাদের ১ পয়েন্ট কমেছে। নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ৪-০ গোলের জয়টা বাতিল হলে বাংলাদেশের পয়েন্ট দাঁড়ায় ৩ এবং গোলগড় ধনাত্মক ১। ভারত ৩ পয়েন্ট এবং ধনাত্মক ৩ গোলগড় নিয়ে দুইয়ে থাকে।তবে সর্বশেষ খবর, ব্রুনাইয়ের নাম প্রত্যাহার করার ব্যাপারটা গ্রহণ করেনি এএফসি। বরং ব্রুনাইয়ের বিপক্ষে গ্রুপের বাকি তিন দল ফিলিপাইন, কম্বোডিয়া ও তুর্কমেনিস্তানকে ৩-০ গোলের ব্যবধানে জয়ী ঘোষণা করা হয়েছে গতকালই। যদি এটি বহাল থাকে, চার গ্রুপের মধ্যে বাংলাদেশই সেরা রানার্সআপ। সে ক্ষেত্রে বাংলাদেশ যাচ্ছেই।বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন গত রাতে জানান, ‘আমরা এএফসিতে খোঁজ নিয়ে জেনেছি, ব্রুনাই সরে দাঁড়ানোয় পরবর্তিত পরিস্থিতিতে এএফসি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ২৬ মার্চ ‘ই’ গ্রুপের খেলা শেষে। নিয়ম অনুযায়ী বাংলাদেশ চূড়ান্ত পর্বে যাচ্ছে এখন পর্যন্ত এটাই আমরা জানি।’চার গ্রুপের খেলা শেষে চূড়ান্ত পর্বে উঠেছে মিয়ানমার, আফগানিস্তান, ফিলিস্তিন ও কিরগিজস্তান। বাংলাদেশ সঙ্গী হবে কি না, সেটি জানতে অপেক্ষা করতে হচ্ছে আরও কয়েকটি দিন।