ঝুলেই রইল সম্প্রচার স্বত্ব
প্রত্যাশিত সাড়া না পেয়ে দুই দফা বাড়ানো হয়েছিল দরপত্রে অংশগ্রহণের মেয়াদ। তবু প্রত্যাশা পূরণ হয়নি। টিভি সম্প্রচার স্বত্ব নিয়ে আশানুরূপ সাড়া পায়নি বিসিবি। মাত্র দুটি কোম্পানি জমা দিয়েছে দরপত্র। সেই দুই কোম্পানির দরপত্র প্রস্তাবেও বিসিবি সন্তুষ্ট হতে পারছে না। বিসিবির টিভি সম্প্রচার স্বত্ব তাই ঝুলে রইল এখনো।সাড়ে তিন বছরের জন্য ৬০ লাখ ডলারের প্রস্তাব দিয়েছে ভার্গো মিডিয়া (চ্যানেল নাইন)। আর ভারতের স্পোর্টি সলিউশনসের প্রস্তাব ১ কোটি ৫০ লাখ ডলার। তবে দরপত্রের একটি শর্ত মানেনি স্পোর্টি, জমা দেয়নি ব্যাংক গ্যারান্টি। ব্যাংক গ্যারান্টি ছাড়া সম্প্রচার স্বত্ব বিক্রি করতে অনিচ্ছুক বিসিবি। আবার ভার্গো মিডিয়ার প্রস্তাবের অঙ্কও নিতান্তই কম। কাল বিসিবির জরুরি সভায় তাই সিদ্ধান্ত হয়েছে, আপাতত কোনো প্রস্তাবই বাতিল বা গ্রহণ করা হবে না। সমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে বোর্ড ভাবছে বলে জানিয়েছে মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, ‘ভার্গো মিডিয়া যেহেতু ব্যাংক গ্যারান্টি দিয়েছে, আমরা তাদের অনুরোধ করব অর্থের অঙ্কটা ৬ মিলিয়ন থেকে বাড়িয়ে ১৫ মিলিয়ন করতে। সেটা না হলে স্পোর্টি সলিউশনসের সঙ্গে চুক্তি করার ব্যাপারে আমরা আইনি পরামর্শ নেব।’ আগেরবার সম্প্রচার স্বত্ব পাওয়া নিমবাসের সঙ্গে তিক্ত অভিজ্ঞতার কারণেই এবার সতর্ক বিসিবি। ৬ বছরের জন্য ৫৬ মিলিয়ন ডলারের চুক্তি হয়েছিল নিমবাসের সঙ্গে। যাবতীয় খরচ বাদ দিয়ে ৩০-৩৫ মিলিয়ন ডলার পাওয়ার কথা ছিল বিসিবির। কিন্তু চুক্তির নানা ফাঁকফোকরের সুযোগ নিয়ে ভারতীয় কোম্পানিটি ২০ মিলিয়ন ডলারও দেয়নি। পাওনা আদায়ে আইনি প্রক্রিয়ায় নেমেছে বিসিবি, তবে তাতে ফল পাওয়ার সম্ভাবনা খুব বেশি নেই। ভার্গো ও স্পোর্টির প্রস্তাবিত অর্থ অবশ্য সব খরচ বাদেই, অর্থাৎ এই পুরো অর্থই পাবে বিসিবি। কিন্তু সেই অর্থের পরিমাণ শেষ পর্যন্ত কত হবে, কোন কোম্পানিই বা পাবে বাংলাদেশের ক্রিকেট বিপণনের দায়িত্ব, সেটির উত্তর সময়ের হাতেই বাঁধা।