ঝেংয়ের সঙ্গী ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রজার ফেদেরার
রজার ফেদেরার

২০১৩ সালকে ভুলে যেতে পারলেই হয়তো স্বস্তি পাবেন রজার ফেদেরার। চারটি গ্র্যান্ড স্লামেই ব্যর্থ, বছরে এ পর্যন্ত শিরোপা জিতেছেন মাত্র একটি! উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডে হারের পর ইউএস ওপেনেও চতুর্থ রাউন্ডেই বিদায় ‘ফেদেরারের দিন শেষ’ গুঞ্জনটাকে আরও উসকে দেয়। গুঞ্জনটা এখন একটু থিতিয়ে গেলেও ফেদেরার আবার আলোচনায়। নিজেকে ফিরে পাওয়ার আশায় ফেদেরার এ বছরে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন দ্বৈতে।
এটা অবশ্য বিস্ময়ের কিছু নয়। খুব বেশি না হলেও রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক মাঝেমধ্যে জুটি বেঁধে কোর্টে নেমেছেন। অলিম্পিক সোনাসহ (২০০৮ বেইজিং অলিম্পিক) দ্বৈতে ৮টি শিরোপাও আছে। বিস্ময় হয়ে এসেছে আসলে ফেদেরারের দ্বৈতের নতুন সঙ্গীর নামটি। আগামী মাসে চীনের সাংহাই মাস্টার্সের দ্বৈতে ফেদেরার খেলবেন ঝেং জের সঙ্গে জুটি বেঁধে!

ঝেং জে
ঝেং জে

২৩ বছর বয়সী জে নিজের দেশের সেরাই বটে। তবে চীনের মতো টেনিসের অনুর্বর এক দেশের একজন খেলোয়াড়ের সঙ্গে অনেকের মতেই সর্বকালের সেরা ফেদেরারের জুটি বাঁধাটা বিস্ময়করই। র‌্যাঙ্কিংয়ের ১৮০ নম্বরে থাকা একজনের সঙ্গে জুটি বাঁধা নিয়ে ছয় নম্বরে থাকা ফেদেরারের প্রতিক্রিয়া কী সেটা জানা যায়নি। তবে ঝেং জে রোমাঞ্চিত, ‘আমি জানি, রজারের সঙ্গে জুটি বেঁধে দ্বৈতে খেলার সময় আমি কিছুটা স্নায়ুচাপে থাকব।’ ফেদেরার দ্বৈতে খেলবেন জেনে রোমাঞ্চিত আয়োজকেরাও। এএফপি।