ঝড় উঠুক শাহরিয়ারের ব্যাটেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৫ সালের কথা। আমরা যাচ্ছি শ্রীলঙ্কা সফরে। বিমানে আমার পাশের সিটে দলের সবচেয়ে নবীন খেলোয়াড়টি। ভালোই হলো। ভাবলাম, যাত্রাপথে ক্রিকেট-টিকেট নিয়ে পরামর্শ দেওয়া যাবে।কিছুক্ষণের মধ্যেই বুঝে গেলাম, মস্ত বড় ভুল করে ফেলেছি! আমি কী বলব, ওই ছেলেই দেখি সারাক্ষণ বকবক করে যাচ্ছে। কৌতূহলের শেষ নেই। ক্রিকেট তো আছেই, রাজ্যের সবকিছু নিয়েই যেন ওর অপার আগ্রহ। বিমান-টিমান নিয়েও কী সব যেন জিজ্ঞেস করে বসল। আরে, আমি পাইলট নাকি!এর পর থেকেই আমি মহাসাবধান ছিলাম। কোনো সফরে গেলে আগেই খোঁজ নিতাম আমার পাশের সিটে শাহরিয়ার নেই তো!শুধু মুখে নয়, শাহরিয়ারের ব্যাটও কিন্তু প্রচুর কথা বলে। শ্রীলঙ্কা সফরের আগেই ওর ওয়ানডে অভিষেক হয়েছিল। ইংল্যান্ডে ন্যাটওয়েস্ট সিরিজে। কার্ডিফে সেই অস্ট্রেলিয়া-বধ। পরের ম্যাচেই আমরা উইনিং কম্বিনেশন ভাঙলাম। নাফিস ইকবালের জায়গায় শাহরিয়ার নাফীস। ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ও ভালো করেনি। তবে অস্ট্রেলিয়ার সঙ্গে ফিরতি ম্যাচটাতে, রাক্ষে-ক্ষোভে ফুঁসতে থাকা অস্ট্রেলিয়ার সামনে আমরা সবাই যখন আত্মসমর্পণ করে ফিরছি, আশরাফুল আর শাহরিয়ার দারুণ খেলল। দেখলাম, ওর অস্ট্রেলিয়া-‘প্রীতি’ আছে। অস্ট্রেলিয়ার সঙ্গে ওই সিরিজের পরের ম্যাচে করল ৭৫!অভিষেক সিরিজে ওর এমন ধারাবাহিকতা টেস্ট দলেও জায়গা করে দিয়েছিল। ওই সময় আমাদের দলে বাঁহাতি ব্যাটসম্যানের আকাল। এমনও হয়েছে, বাঁহাতি বোলারদের নেট অনুশীলন করানোর জন্য বাইরে থেকে বাঁহাতি ব্যাটসম্যানদের ভাড়া করে নিয়ে আসতে হয়েছে!শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ওকে নেওয়ার আরেকটা কারণ ছিল। বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে মুরালিধরনের রেকর্ড বেশি ভালো নয়। অবশ্য অভিষেক টেস্টে মুরালি পর্যন্ত যাওয়ার সুযোগই হলো না। মালিঙ্গার বলে ৩ রান করে বোল্ড হয়ে ফিরে এল। ড্রেসিংরুমে সে কী কান্না! অধিনায়ক হিসেবে আমাকে এগিয়ে যেতেই হলো। বড় ভাইয়ের দায়িত্বও আছে। ওকে বোঝালাম, দ্বিতীয় ইনিংস তো পড়েই আছে। আর শুধু দ্বিতীয় ইনিংস কেন, সামনে তো পুরো ক্যারিয়ারটাই।ব্যাটসম্যান শাহরিয়ারের ক্যারিয়ারে গতিপথ পাল্টে দিল আসলে ফতুল্লা টেস্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওর ১৩৮ রানের ইনিংসটা নিয়ে এত কথা হয়েছে, নতুন আর কী বলব। তবে আমার খুব গর্ব হচ্ছিল। ওর সঙ্গে ১৮৭ রানের একটা জুটি গড়েছিলাম। ফলে খুব কাছ থেকে ওর ওই ইনিংসটা দেখেছি। কী স্টাইল, কী সাহস! ওয়ার্নকে সেদিন আমরা আসলেই সাধারণ মাপের স্পিনার বানিয়ে ছেড়েছিলাম। সেদিন খেই হারিয়ে অস্ট্রেলীয়রা খিস্তিখেউড় করছিল। শাহরিয়ারও বেশ ঝাঁজাল জবাব দিয়েছিল। মনে আছে, হেইডেন ওকে কী যেন একটা কথা বলতেই শাহরিয়ার ঘুরে গিয়ে বলেছিল, ‘ভালো করে ব্যাটিং করো বাবা, নইলে কিন্তু ওয়ানডে দল থেকে বাদ পড়বে।’ হেইডেনের ওয়ানডে ফর্ম তখন ভালো যাচ্ছিল না!শাহরিয়ারের সবচেয়ে বড় গুণ, সেট হয়ে গেলে ওর কাছ থেকে আপনি একটা বড় ইনিংস পাবেনই। চারটা ওয়ানডে সেঞ্চুরিই এর প্রমাণ। আরেকটা বড় গুণ ওর ধারাবাহিকতা। ২০০৬ সালে ওয়ানডেতে এক হাজার রান পূর্ণ করা বিশ্বের ছয়জনের একজন ছিল ও। ২০০৭ বিশ্বকাপের আগেও ওর ফর্ম ছিল দারুণ। বিশ্বকাপের প্রস্তুতি টুর্নামেন্টে একটা সেঞ্চুরিও করেছিল। কিন্তু বিশ্বকাপটা ওর একদমই ভালো যায়নি। এর পরের দুই বছরের গল্পটা আক্ষেপের। আইসিএলে যাওয়ার ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। যে কারণে ওর ক্যারিয়ার থেকে হারিয়ে গেছে দুটি গুরুত্বপূর্ণ বছর।কিন্তু সবচেয়ে ইতিবাচক দিক আমি বলব, শাহরিয়ারের আবার ফিরে আসা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুই বছর দূরে থাকার পর ফিরে আসা সহজ ব্যাপার নয়। নিউজিল্যান্ড সিরিজে অন্তহীন সেই চাপ নিয়ে নেমেছিল ও। প্রথম ম্যাচে ৩৫, দ্বিতীয় ম্যাচে ৭৩। শাহরিয়ারের কী অনুভূতি হয়েছিল জানি না। আমার বুক থেকে দুশ্চিন্তার জগদ্দল পাথর যেন নেমে গিয়েছিল ওর ব্যাটিং দেখে।শাহরিয়ার এই দুই বছরে অনেক পরিণত হয়েছে। আগে ও খুবই আক্রমণাত্মক মেজাজের ছিল। এখন অনেক সুস্থির হয়েছে। এটা আমাদের জন্য সুখবর। রক্ষণ আর আক্রমণ দুটোই জরুরি। ওপেনিং কিংবা ওয়ানডাউন দুই জায়গাতেই ওকে আমরা ব্যবহার করতে পারি। শাহরিয়ারের দুর্বল দিক একটাই—ওর ফিল্ডিং। ব্যাটিংয়ে নিজেকে প্রমাণের কিছু নেই। তবে পাল্টা জবাব দেওয়ার আছে। ২০০৭-এর স্মৃতি এবার ও ঝেঁটিয়ে বিদায় করবে, আমি নিশ্চিত। গুডলাক মেট!