ঝড় উঠে গেল!
ভারত-অস্ট্রেলিয়ার গত কয়েকটি সিরিজে সবকিছুই ছিল, শুধু ‘শান্তি’ ছাড়া। অস্ট্রেলিয়াকে ঘায়েল করতে হবে অস্ট্রেলিয়ার মতো আগ্রাসী হয়েই—সৌরভ গাঙ্গুলীর ভারত এই কৌশল নেওয়ার পর থেকেই দুই দলের লড়াই মানে শুধু ক্রিকেট ম্যাচ নয়, যেন যুদ্ধ। কিন্তু এবার শান্তির পতাকা তুলেছিলেন রিকি পন্টিং। টেস্ট শুরুর আগের দিন বলেছিলেন, ‘এবার আর কোনো বিতর্ক চাই না।’ কিন্তু বিতর্ক শুরু হলো সিরিজের প্রথম দিনেই, যার কেন্দ্রে কিনা সেই পন্টিংই!অস্ট্রেলীয় অধিনায়ক কাল খেলছিলেন দারুণ। উইকেটে ছিলেন স্বচ্ছন্দ, সেঞ্চুরিটাকে মনে হচ্ছিল স্রেফ সময়ের ব্যাপার। হঠাৎ ছন্দপতন। দ্রুত একটি সিঙ্গেল নিতে গিয়ে সুরেশ রায়নার সরাসরি থ্রোতে রানআউট। বড় পর্দায় তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত ভেসে ওঠার পর ফিরে যাওয়ার সময় হতাশ পন্টিং বাতাসে ব্যাট ছুড়ে মারেন। বোলার জহির খান এ সময় কিছু একটা বলেন পন্টিংয়ের উদ্দেশে। ক্ষেপে গিয়ে পন্টিংও উল্টো ঘুরে ব্যাট উচিয়ে জবাব দেন জহিরকে। দুজনের একদফা বাগযুদ্ধও হয়ে যায়। জহিরকে ঘিরে থাকা সতীর্থরা অবশ্য কিছু বলেননি। আম্পায়ার বিলি বাউডেনের হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি। কাল না হয় আম্পায়ার ফিরিয়েছেন, কিন্তু ‘শান্তির সিরিজে’ ঝড়টা মনে হয় উঠেই গেল! ওয়েবসাইট।