ঝড় তুলতে তৈরি ওয়াটসন
প্রায় এক যুগের ক্যারিয়ারে এর আগে একবারই এসেছেন বাংলাদেশে। তা-ও সেটি মাত্র সপ্তাহ খানেকের জন্য। শেন ওয়াটসনের কাছে বাংলাদেশ তাই এখনো অচেনাই।
ওয়াটসন নিজেও তো অচেনা। মানে, ক্ষণে ক্ষণে রং বদলান। সাবেক কোচ মিকি আর্থারের সঙ্গে বিবাদ, অধিনায়ক মাইকেল ক্লার্কের সঙ্গে শীতল সম্পর্ক, ভারত সফরের মাঝে হঠাৎ ‘হোমওয়ার্কগেট’ কেলেংকারিতে দেশে ফেরত যাওয়া, সহ-অধিনায়কত্ব ছেড়ে দেওয়া—মাঝের কিছুটা সময় কত বিতর্ক যে জন্ম দিয়েছেন!
টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে সংবাদমাধ্যমের সঙ্গে অস্ট্রেলিয়া দলের উন্মুক্ত আলাপচারিতায় যোগ দিতে যখন এলেন, দেখে বোঝার উপায় নেই তিনিই সেই লোক। হাসছেন, মজা করছেন আবার এর মাঝেও প্রতিটা প্রশ্নের জবাব দিচ্ছেন খুব ধীরস্থির থেকে। দেখে কে বলবে তিনি কোনো মানুষের সঙ্গে বিবাদে জড়াতে পারেন! বোলারদের সামনে যে রুদ্রমূর্তি ধারণ করেন, বিন্দুমাত্র বোঝার উপায় নেই।
ব্যাট হাতে সেই ভয়ংকর রূপ বাংলাদেশি বোলাররা দেখেছিল ওয়াটসনের আগের বাংলাদেশ সফরেই। ২০১১ বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ওয়াটসন খেলেছিলেন রেকর্ড ১৫ ছক্কায় সাজানো ১৮৫ রানের বিধ্বংসী ইনিংস। সেটি মনে আছে কি না, জিজ্ঞেস করতেই হাসিমুখে ওয়াটসনের জবাব, ‘ওই ইনিংস কি ভুলে যাওয়া যায়? সে দারুণ এক অনুভূতি। আমার সব সময়ের আইডল রিকি পন্টিংয়ের সঙ্গে ওই ম্যাচে আমার যে জুটিটি হয়েছিল, সেটিও ভুলে যাওয়ার মতো নয়।’
সপ্তাহ খানেকের ওই সফর কখনোই ভুলবেন না ওয়াটসন, এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ বলে আরও বেশি সময় নিয়েই থাকবেন বাংলাদেশে। এই বিশ্বকাপেও কি তাঁর রুদ্ররূপ দেখবে অন্য প্রতিপক্ষ? এমন প্রশ্নেও বেশ বিনয়ী ওয়াটসন, ‘এবার একটু বেশি সময় কাটাতে পারব। আশা করি এবারও ভালো সময় অপেক্ষা করছে আমার জন্য।’
বিতর্ক পেছনে ফেলে এই যে অন্য ওয়াটসন হয়ে ওঠা, শোনালেন সেই গল্পও, ‘মূল পার্থক্যটা গড়ে দিয়েছেন ড্যারেন লেম্যান। ও মজা করতে ভালোবাসে, ওর সবচেয়ে ভালো গুণ এটা। দলের পরিবেশ ভারী হয়ে থাকে না এখন। এমনিতেই মাঠে অনেক চাপে থাকতে হয় আমাদের, মাঠের বাইরেও চাপে থাকতে হলে কিছুই ভালো লাগার কথা নয়। ড্যারেন জানে কীভাবে সাফল্য পেতে হয় আর সেটি উপভোগ করতে হয়।’
আর্থারের অপ্রিয়ভাজন হয়ে ওঠায় যিনি একসময় ক্রিকেট ছেড়ে দেওয়ার কথাও ভাবছিলেন, সেই ওয়াটসনই এখন প্রস্তুত দলের জন্য নিজেকে উজাড় করে দিতে, ‘উপভোগ করি বলেই আমি ক্রিকেট খেলি। সেই উপভোগের ব্যাপারটাই না থাকলে খেলে কী হবে! এ জন্য খেলা ছাড়ার কথা ভেবেছিলাম। কিন্তু এখন আনন্দময় পরিবেশ ফিরে এসেছে। এখন দলের অংশ হওয়া দারুণ ব্যাপার।’
শ্রীলঙ্কায় গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ঝলসে উঠেছিল ওয়াটসনের ব্যাট। ৬ ম্যাচে ২৪৯ রান—ওই টুর্নামেন্টের সর্বোচ্চ রান তাঁরই। ১১ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটও নামের পাশে। চারটি ম্যান অব দ্য ম্যাচ, চূড়ান্ত বিবেচনায় ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কারও উঠেছে ওয়াটসনের হাতেই। তবু আক্ষেপ, এত কিছুর পরেও সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে তাঁর দল শ্রীলঙ্কা থেকে ফিরেছিল খালি হাতে।
বদলে যাওয়া ওয়াটসন কি পারবেন এবার অস্ট্রেলিয়ার সেই আক্ষেপ ঘোচাতে?