ঝড় তুলতে প্রস্তুত বোল্ট
আর কিছুদিন পরই শুরু হতে যাচ্ছে লন্ডন অলিম্পিক। গত আসরের মতো এবারও দৌড়ের ময়দানে ঝড় তোলার জন্য প্রস্তুত হয়ে আছেন উসাইন বোল্ট। আগামী জুলাইয়ে অলিম্পিক শুরু হওয়ার আগে নিজেকে আরও ভালোমতো শানিয়ে নিতে পারবেন বলে আত্মবিশ্বাসী বিশ্বের দ্রুততম মানব। আগামী শনিবার এবারের অলিম্পিক মৌসুমের প্রথম প্রতিযোগিতা, জ্যামাইকা ইন্টারন্যাশনাল ইনভাইটেশনালের ১০০ মিটার দৌড়ে অংশ নিতে যাচ্ছেন উসাইন বোল্ট। এরই মধ্যে নিজের দুর্দান্ত ফর্মের কথা জানান দিয়েছেন তিনি। তিন সপ্তাহ আগে কিংসটনে বৃষ্টি ও ঠান্ডা আবহাওয়ার মধ্যেই ৪০০ মিটার রিলে দৌড় বোল্ট শেষ করেছিলেন ৩৭ দশমিক ৮২ সেকেন্ডে। যেটা এখন পর্যন্ত এই মৌসুমের সেরা টাইমিং। তার পরপরই বোল্ট সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি এই মুহূর্তে খুব ভালো অবস্থায় আছি। এখনো অলিম্পিকের জন্য প্রস্তুত হওয়ার জন্য আমার হাতে কয়েক মাস সময় আছে। আর এ সময়ে আমি আরও বেশ কয়েকবার দৌড়াব। কাজেই আরও ভালো ফল করার ব্যাপারে আমি আশাবাদী।’বেইজিং অলিম্পিকে ১০০ মিটার, ২০০ মিটার ও ৪০০ মিটারের রিলে ইভেন্টে সোনা জিতেছিলেন উসাইন বোল্ট। তিনটা ইভেন্টেই দৌড়ের নতুন রেকর্ড গড়েন তিনি। ওয়েবসাইট।