ঝড়ের নাম সেরেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারিকেন আইজ্যাকের দাপট শেষ হতে না হতেই যুক্তরাষ্ট্রে নতুন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! অবশ্য পুরো যুক্তরাষ্ট্রে নয়, এই ঝড় আঘাত হানবে শুধু নিউইয়র্কে। আরও স্পষ্ট করে বললে আর্থার অ্যাশ স্টেডিয়ামে। ঝড়ের নাম—সেরেনা উইলিয়ামস!মাত্রই কদিন আগে বলেছিলেন ‘ফালতু’ র‌্যাঙ্কিং-ট্যাঙ্কিংয়ের কোনো পরোয়া করেন না। সদম্ভে বলেছিলেন, ‘আমিই সেরা, আমিই এক নম্বর।’ মেয়েদের র‌্যাঙ্কিংয়ের চারে থাকা সেরেনার কথাকে ঔদ্ধত্য মনে হতে পারে। মনে হতে পারে, তিনি অহংকারী। কিন্তু সেসব নিয়ে আসলেই মাথা ঘামাচ্ছেন না। প্রি-কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ পর্যায়েও প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো ‘মেয়েখেলা’ করেছেন। আটটি আগুন-গোলার ‘এস’, ৩১টি উইনার। সেরেনার সঙ্গে লড়াই করা তো দূরের কথা, সার্ভ কীভাবে ঠেকাবেন, সেটাই যেন বুঝে উঠতে পারছিলেন না আন্দ্রিয়া হ্লাভাকোভা। মাত্র ৫৭ মিনিট স্থায়ী লড়াইয়ে চেক প্রজাতন্ত্রের এই তরুণী স্রেফ উড়ে গেছেন ৬-০, ৬-০-তে। একটি গেমও জিততে পারেননি। টেনিসের এই ধবলধোলাই লজ্জার নাম ‘ডাবল ব্যাজেল’।হ্লাভাকোভার আর কী দোষ? এই ৩০ বছর বয়সে এসে মেয়েদের টেনিসে সবাই যখন টেনিসের পাট চুকিয়ে ঘরকন্নায় মন দেওয়ার প্রস্তুতি নেন; সেই সময় সেরেনাকে যেন সর্বগ্রাসী ক্ষুধায় পেয়ে বসেছে। উইম্বলডন জিতেছেন। এরপর অলিম্পিকে একক-দ্বৈত দুটিতেই সোনা। দুরন্ত সেই ফর্ম ধরে রেখে এবারের ইউএস ওপেন শুরু করেছিলেন ৬-১, ৬-১ গেমের জয় দিয়ে। সেই ধারাবাহিকতায় পরশুর এই দাপুটে জয়। এর পরও সেরেনা কী বলছেন, জানেন? নিজের খেলায় তিনি সন্তুষ্ট নন! ‘সত্যি বলছি, আমি মনে করি না, টুর্নামেন্টের শুরুটা আমার ভালো হয়েছে। তবে কোর্ট আর কন্ডিশনে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছি। নিজের খেলাটা ফিরে পাচ্ছি, যেটা ভালো লক্ষণ। দ্বিতীয় সপ্তাহে আমি আরও ভালো খেলতে চাই।’আরও ভালো! সেরেনার প্রতিপক্ষদের জন্য এটা ঝড়ের বিপদবার্তা নয়তো কী? যে ঝড়ের পরবর্তী প্রথম আঘাত সামলাতে হবে আনা ইভানোভিচকে। শেষ আটে সেরেনার মুখোমুখি যে এই সার্বিয়ানই।মেয়েদের শেষ আটে আরেকটি দারুণ লড়াই অপেক্ষা করছে। সারা এরানি খেলবেন রবার্তা ভিঞ্চির সঙ্গে। এই প্রথম গ্র্যান্ড স্লামের শেষ আটে উঠে এলেন ইতালির দুই মেয়ে। আর সেই দুজনই কিনা মুখোমুখি! তার চেয়েও বড় দুঃখের কথা, এরানি-ভিঞ্চি দুজনই দুজনের বন্ধু। দ্বৈতে জুটি বেঁধে খেলেনও। এ বছর এই জুটি সাতটি শিরোপাও জিতেছে।কোর্টে একটি সার্ভও না করে জয় পেয়েছেন রজার ফেদেরার। চোটের কারণে মার্ডি ফিশের দেওয়া ওয়াকওভার শেষ আটে তুলে দিয়েছে তাঁকে। সেখানে ফেদেরার খেলবেন টমাস বার্ডিসের সঙ্গে। আরেকটি সেমিফাইনালে ওঠার পথে অ্যান্ডি মারের সামনে বাধা মার্টিন সিলিচ। এএফপি, রয়টার্স।