টটেনহাম বাধা পেরোলো আর্সেনাল

অ্যাস্টন ভিলার কাছে প্রথম ম্যাচেই ৩-১ গোলের হার দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমের শুরুটা খুব বাজেভাবেই করেছিল আর্সেনাল। দ্বিতীয় ম্যাচে জয় পেলেও আজ নিজেদের মাঠে আবারও কঠিন পরীক্ষায়ই নামতে হয়েছিল আর্সেন ওয়েঙ্গারের শিষ্যদের। টটেনহাম নামের সেই বাধাটা অবশ্য বেশ ভালোভাবেই পার করতে পেরেছে গানাররা। টটেনহামের বিপক্ষে আর্সেনাল পেয়েছে ১-০ গোলের জয়। প্রথমার্ধের ২৩ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেছেন ফরাসি স্ট্রাইকার অলিভার গিরোদ।
ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমেও প্রথম চারটি দলের মধ্যে থাকার জন্য আর্সেনালকে লড়াই চালাতে হয়েছিল টটেনহামের বিপক্ষেই। ৭৩ পয়েন্ট নিয়ে শেষ মুহূর্তে চতুর্থ স্থানটা নিশ্চিত করতে পেরেছিল আর্সেনাল। মাত্র এক পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থান দখল করেছিল টটেনহাম। আজ এবারের মৌসুমের প্রথম মুখোমুখি লড়াইটাও যে কতটা গুরুত্বপূর্ণ ছিল, সেটা হয়তো লিগের মাঝামাঝি সময় ভালোই টের পাওয়া যাবে। ১-০ গোলের এই জয় দিয়ে এখন পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে আর্সেনাল। তিন ম্যাচ শেষে সমানসংখ্যক ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে টটেনহাম।