টটেনহামকে সিটির ছয় গোল
ম্যাচের তখন মাত্রই ১৩ সেকেন্ড। প্রতিপক্ষ রক্ষণে বল পেয়ে গেলেন সার্জিও আগুয়েরো। আর্জেন্টাইন স্ট্রাইকারের শটটা টটেনহাম গোলরক্ষক ফিরিয়েও দিলেন। কিন্তু ফিরতি বলটা জালে জড়িয়ে দিলেন হেসুস নাভাস। সেই যে শুরু হলো ম্যানচেস্টার সিটির গোলের ধারা, আর থামাথামি নেই! দুর্দান্ত খেলে কাল নিজেদের মাঠে টটেনহামকে ৬-০ গোলে হারিয়েছে সিটি।
নাভাসের শুরুর পর মঞ্চে আসেন আগুয়েরো-নেগ্রেদো। দুর্দান্ত একটা মৌসুম কাটাচ্ছেন আগুয়েরো। কদিন আগে দেশের হয়ে জোড়া গোল করেছেন। কাল সেই কীর্তির পুনরাবৃত্তি করায় প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি গোল (১০) এখন তাঁরই। গোল করেছেন তাঁর আক্রমণসঙ্গী আলভারো নেগ্রেদোও। আর শুরুর পর দুর্দান্ত এক প্রতি-আক্রমণ থেকে শেষটাও করেছেন নাভাস। বাকি গোলটি আত্মঘাতী।
এ ম্যাচের আগের সন্ধ্যায় প্রিমিয়ার লিগে আলো ছড়িয়েছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। টানা ১০ ম্যাচে গোলহীন থাকা একজন মিডফিল্ডারের জন্য হয়তো এমন কিছু নয়। কিন্তু লোকটা যখন ল্যাম্পার্ড তখন বিস্ময় একটু জাগেই। মিডফিল্ডার হয়েও যে ফরোয়ার্ডের মতো গোল করাটাকে অভ্যাস বানিয়ে ফেলেছেন তিনি! চেলসির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা পরশু গোলখরা কাটানোর জন্য বেছে নিলেন নিজের পুরোনো ক্লাব ওয়েস্ট হামকে। ল্যাম্পার্ডের জোড়া গোলের সঙ্গে অস্কারের একটি, ওয়েস্ট হামকে ৩-০ গোলে হারিয়েছে চেলসি। এই জয় পয়েন্ট তালিকার তিনে তুলেছে চেলসিকে (২৪)। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দুইয়ে লিভারপুল। ২৮ পয়েন্ট নিয়ে আর্সেনাল সবার ওপরে।